রংপুরে ভ্যানচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
রংপুরে ভ্যানচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

রংপুরের বদরগঞ্জে ভ্যানচালক আরিফুল ইসলাম হত্যা মামলার অন্যতম প্রধান আসামি পৌর ছাত্রদলের সদস্যসচিব গোপাল ব্যানার্জিকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন রংপুর র‌্যাব-১৩ মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

ছাত্রদল নেতার পরিচিতি

র‌্যাব জানায়, ছাত্রদল নেতা গোপাল ব্যানার্জি বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা গ্রামের নন্দ ব্যানার্জির ছেলে। তিনি বদরগঞ্জ উপজেলার ‘মার্ডার ফিরোজ’ গ্যাংয়ের সেকেন্ড ইন কমান্ড বলে এলাকায় পরিচিত।

হত্যাকাণ্ডের বিবরণ

গত ৫ মে বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা এলাকার আম্বিয়ার মোড়ে আরিফুল ইসলাম নামে এক ভ্যানচালককে গোপাল ও তার সহযোগীরা মিলে চাপাতি, হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী আরিফুলকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা দায়ের

এ ঘটনার পর নিহত ভ্যানচালক আরিফুল ইসলামের বাবা রেজাউল ইসলাম বাদী হয়ে বদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ‘মার্ডার ফিরোজ’ গ্যাংয়ের প্রধান ফিরোজ শাহকে প্রধান আসামি করা হয়। এ ছাড়াও পৌর ছাত্রদলের সদস্যসচিব গোপাল ব্যানার্জি, বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সম্রাটসহ ২১ জনের নাম উল্লেখ করা হয়।

প্রতিক্রিয়া ও গ্রেফতার

এদিকে, ভ্যানচালক আরিফুল ইসলামকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যার ঘটনায় বদরগঞ্জ উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভসহ প্রতিবাদ সমাবেশ করে এলাকাবাসীসহ সাধারণ মানুষ। ঘটনার পরপরই আসামি গোপাল ব্যানার্জি আত্মগোপনে চলে যান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

র‌্যাব জানায়, ঘটনার পর মামলা দায়ের করা হলে র‌্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। আসামিদের গ্রেফতার করার জন্য ব্যাপক তৎপরতা শুরু করে। এরই অংশ হিসেবে গোপন সংবাদে র‌্যাব-১৩ রংপুর এবং র‌্যাব-৫ জয়পুরহাট যৌথভাবে মঙ্গলবার ভোরে নওগাঁ জেলার সদর উপজেলার নিশ্চিন্ত বোয়ালিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা দিলীপের বসতবাড়ি থেকে হত্যা আসামি গোপাল ব্যানার্জিকে গ্রেফতার করে। পরে তাকে মঙ্গলবার দুপুরে বদরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। গোপালের বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ছাত্রদল থেকে বহিষ্কার

এদিকে, ভ্যানচালক আরিফুল ইসলাম হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ মে রংপুর জেলা ছাত্রদলের সভাপতি শরীফ নেওয়ার জোহা ও সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গোপাল ব্যানার্জিকে দলীয় পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়েছে।