পদত্যাগের পর দীপেন দেওয়ানের ফেসবুক পোস্ট, সম্প্রীতির আহ্বান
পদত্যাগের পর দীপেন দেওয়ানের পোস্ট, সম্প্রীতির আহ্বান

সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান আজ বুধবার রাত ৯টায় নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। পদত্যাগের পর তিনি পাহাড়ি–বাঙালি সব সম্প্রদায়ের মানুষের প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত লিখেছেন। পাশাপাশি সবাইকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

পোস্টের শুরুতে শুভেচ্ছা

পোস্টের শুরুতেই তিনি পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের জনগণকে উদ্দেশ করে লেখেন—‘আসালামু আলাইকুম, ঝু ঝু, নমস্কার, কুলুংকা, রিকোবায়া।’ পদত্যাগের পর রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের মানুষের প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে দীপেন দেওয়ান লিখেন, ‘সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর দায়িত্ব থেকে আমার পদত্যাগকে কেন্দ্র করে তিন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ জনগণের মধ্যে যে আবেগ, উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, সে বিষয়ে আমি গভীরভাবে অবগত রয়েছি।’

সম্প্রীতির আহ্বান

দীপেন দেওয়ান উল্লেখ করেন, ‘আমি পার্বত্য চট্টগ্রামের সব পাহাড়ি, বাঙালি ও অন্যান্য সম্প্রদায়ের ভাই-বোনদের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি—আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধারণ করুন এবং আইনশৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখুন। কোনো ধরনের উসকানি, বিভ্রান্তি বা সংঘাতের পথে না গিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের পরিবেশ অক্ষুণ্ন রাখুন। আমি বিশ্বাস করি, পার্বত্য চট্টগ্রাম আমাদের সবার। এই অঞ্চলের উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি রক্ষার দায়িত্বও আমাদের সবার। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল জনগণের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হোক—এটাই আমার প্রত্যাশা।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাজনৈতিক অবস্থান স্পষ্ট

পোস্টে নিজের রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করেছেন দীপেন দেওয়ান। তিনি লিখেছেন, ‘আমি গর্বের সঙ্গে স্মরণ করছি, আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর আদর্শ, দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতার শিক্ষা আমার রাজনৈতিক জীবনের প্রেরণা। আমি দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্নেহ, দিকনির্দেশনা ও নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছি। রাজনৈতিক জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমি বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে আসছি। আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার রাজনৈতিক আদর্শের ঠিকানা। ব্যক্তিগত বা রাজনৈতিক যেকোনো পরিস্থিতিতেই আমি দলের প্রতি আমার আনুগত্য ও অঙ্গীকার অটুট রাখব। এই দল আমি কখনো ত্যাগ করব না।’

প্রধানমন্ত্রীর প্রতি আস্থা

পোস্টের শেষাংশে দীপেন দেওয়ান লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আমি পূর্ণ আস্থাশীল। নতুন বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যেতে চাই।’