রাজশাহীতে মাদককারবারি দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩
রাজশাহীতে মাদককারবারি সংঘর্ষে আহত ৩

রাজশাহীর কেঁদুর মোড় এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই দল মাদককারবারির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে এলাকার বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

রোববার রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার কেঁদুর মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এলাকার পঞ্চবটি এবং খড়বোনা মহল্লার দুই দল মাদককারবারির মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে রোববার রাতে উভয়পক্ষের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পরস্পরের ওপর হামলা করে। চলে ধাওয়া পালটা ধাওয়া। থেমে থেমে সংঘর্ষ চলে গভীর রাত পর্যন্ত। এ সময় তিনজন আহত হয়।

নেতৃত্ব ও আহত ব্যক্তিরা

একপক্ষে নেতৃত্ব দেন খড়বোনা এলাকার মিঠুনের ছেলে মাদককারবারি শিমুল (২৮)। অন্যপক্ষে নেতৃত্ব দেন হালিমের ছেলে মারুফ। সংঘর্ষে এই দুইজন ছাড়াও আলামিন নামের আরেক যুবক আহত হয়। খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

আরএমপির মুখপাত্র উপকমিশনার গাজিউর রহমান জানান, তিনজন আহত হয়েছেন। তারা রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঠিক কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে। তবে সোমবার দুপুর পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ