বিশ্ব রাজনীতিতে নাটকীয় মোড়: ইরানে মার্কিন হামলা, ওমানকে ট্রাম্পের হুমকি
বিশ্ব রাজনীতিতে নাটকীয় মোড়: ইরানে হামলা, ওমানকে হুমকি

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২৮ মে (বৃহস্পতিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে। ইরানে আবারও মার্কিন হামলা; ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের; ট্রাম্পের হুমকির মুখে ওমানের পাশে দাঁড়ানোর ঘোষণা ইরানের; যৌন সহিংসতার ‘কালো তালিকায়’ ইসরায়েলকে অন্তর্ভুক্ত করলো জাতিসংঘ; কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ‘জবাব দিচ্ছে’ সামরিক বাহিনী; পদত্যাগ করলেন সিদ্দারামাইয়া, কে হচ্ছেন কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

ইরানে আবারও মার্কিন হামলা

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে আবারও হামলা চালিয়েছে। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার এই হামলা চালানো হয়। ওই কর্মকর্তা দাবি করেন, যুক্তরাষ্ট্রের সেনা এবং বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি তৈরি করতে পারে—এমন একটি লক্ষ্যবস্তুকে কেন্দ্র করেই অভিযান চালানো হয়েছে। হামলার পাশাপাশি ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ওই এলাকায় অন্তত তিনটি বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

বিশ্বের অন্যতম কৌশলগত নৌপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে যদি ওমান ইরানকে সহযোগিতা করে, তবে দেশটির বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৭ মে) এক মন্ত্রিসভা বৈঠকে বিশ্বের ২০ শতাংশেরও বেশি জ্বালানি তেল পরিবহনের পথ এই কৌশলগত জলপথে বাণিজ্য তদারকিতে ওমান ও ইরানের যৌথ ভূমিকার বিষয়ে মতামত জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, কেউ এটার নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে না। এটি আন্তর্জাতিক জলসীমা এবং ওমানকেও আর সবার মতোই আচরণ করতে হবে, অন্যথায় আমাদের তাদের উড়িয়ে দিতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ট্রাম্পের হুমকির মুখে ওমানের পাশে দাঁড়ানোর ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন কর্মকর্তাদের হুমকির পর ওমানের প্রতি সংহতি ও সমর্থন প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে এই সংহতির কথা জানান। একই সঙ্গে ইরানের বান্দার আব্বাসের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক মার্কিন হামলারও নিন্দা জানিয়েছেন তিনি।

যৌন সহিংসতার ‘কালো তালিকায়’ ইসরায়েলকে অন্তর্ভুক্ত করলো জাতিসংঘ

যুদ্ধকবলিত বা সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতা চালানো দেশ ও সংগঠনের ‘কালো তালিকায়’ ইসরায়েলকে অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘ। ইসরায়েলি ওয়েবসাইট ওয়াইনেটের এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতায় জড়িত দেশ ও সংস্থাগুলোর তালিকায় ইসরায়েলি বিভিন্ন সংস্থাকে যুক্ত করার ঘোষণা দিতে যাচ্ছে জাতিসংঘ।

কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ‘জবাব দিচ্ছে’ সামরিক বাহিনী

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর এবার কুয়েত জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ মে) তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। এই ঘটনা ইরান যুদ্ধের মধ্যকার নড়বড়ে ও ভঙ্গুর যুদ্ধবিরতিকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ‘জবাব দিচ্ছে’ বা প্রতিহত করছে। তবে এই হামলাগুলো ঠিক কোন দিক থেকে বা কার পক্ষ থেকে চালানো হয়েছে, সে বিষয়ে কুয়েতের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

পদত্যাগ করলেন সিদ্দারামাইয়া, কে হচ্ছেন কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী

কংগ্রেস হাইকমান্ডের নির্দেশ মেনে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কর্নাটক রাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বৃহস্পতিবার (২৮ মে) তার পদত্যাগের মধ্য দিয়ে গত কয়েকদিন ধরে চলা রাজনৈতিক জল্পনা-কল্পনার অবসান হলো। এর ফলে সিদ্দারামাইয়ার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিকে শিবকুমারের মুখ্যমন্ত্রী হওয়ার পথ সুগম হলো।