রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এমপি মোশারেফ হোসেনের দাফন সম্পন্ন
রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এমপি মোশারেফ হোসেনের দাফন

বীর মুক্তিযোদ্ধা ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য মোশারেফ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২১ জুন) বিকাল ৫টায় পৌর আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদান করা হয়।

রাষ্ট্রীয় সম্মাননা প্রদান

সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিলুফার ইয়াসমিন নিপা এবং রামগতি থানা পুলিশের একটি চৌকস দল। এ সময় বীর মুক্তিযোদ্ধার কফিনে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন শেষে চর আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

মৃত্যু ও জীবনকাল

এর আগে শনিবার (২১ জুন) দিবাগত রাত ১টা ২৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন তিনি। মরহুম মোশারেফ হোসেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ছাত্রজীবন ও মুক্তিযুদ্ধে ভূমিকা

প্রবীণ এই জননেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে তিনি অনন্য ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি হাতিয়া-রামগতি অঞ্চলের জোনাল কমান্ডারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবন

পরবর্তীতে তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে অবদান রাখেন। ষাটের দশকের ছাত্রনেতা হিসেবে তার পরিচিতি ছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ