জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে উন্নয়নের প্রশ্নে কোনো বিভেদ থাকার সুযোগ নেই। তিনি বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি
মঙ্গলবার বিকালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে কলমাকান্দা বাজারে বাইপাস সড়ক নির্মাণ ও বাজার উন্নয়ন-সংক্রান্ত বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বক্তব্য দেন- নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসেম এবং উপজেলা এনসিপির সমন্বয়ক আহমেদ শফি।
উন্নত কলমাকান্দা গড়ার লক্ষ্য
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমরা এমন একটি উন্নত কলমাকান্দা গড়ে তুলতে চাই, যা ভবিষ্যৎ প্রজন্ম গর্বের সঙ্গে স্মরণ করবে। তিনি জানান, উপজেলা সদরকে কেন্দ্র করে পরিকল্পিত বাইপাস সড়ক ও মহাসড়ক নির্মাণ করা গেলে এলাকার যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। বাজারে যানবাহনের চাপ কমবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, কৃষিপণ্য পরিবহণ সহজ হবে এবং জমির মূল্য বৃদ্ধি পাবে। এর ফলে স্থানীয় অর্থনীতিতেও নতুন গতি সঞ্চার হবে।
কলমাকান্দাকে একটি আধুনিক ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতে পৌরসভা প্রতিষ্ঠা করা গেলে ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য নাগরিক সেবা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে।
যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে শিক্ষা ও ক্রীড়ার ওপর গুরুত্ব
যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে শিক্ষা ও ক্রীড়ার ওপর গুরুত্বারোপ করে ডেপুটি স্পিকার বলেন, আমরা একটি মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও মানবিক কলমাকান্দা গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে একটি স্পোর্টস স্টেডিয়াম, প্রশিক্ষণ কেন্দ্র এবং টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, কলমাকান্দার উন্নয়ন কোনো ব্যক্তি বা দলের একার পক্ষে সম্ভব নয়। এজন্য সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ এবং সহযোগিতা প্রয়োজন।



