সংসদে অসত্য বক্তব্য: ব্যক্তিগত ভুল নয়, জবাবদিহির প্রশ্ন
সংসদে অসত্য বক্তব্য: ব্যক্তিগত ভুল নয়, জবাবদিহি

জাতীয় সংসদে দেওয়া একটি অসত্য বক্তব্য কেবল একজন সংসদ সদস্যের ব্যক্তিগত ভুলের প্রশ্ন নয়, এটি সংসদীয় জবাবদিহি, রাজনৈতিক দায়িত্বশীলতা এবং ইতিহাসের প্রতি সম্মানের বিষয়কেও সামনে নিয়ে এসেছে।

জাতীয় সংসদের মতো সর্বোচ্চ আইনসভায় দাঁড়িয়ে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ হিসেবে উপস্থাপন করার পর বাস্তবতার সঙ্গে তার গুরুতর অসঙ্গতি প্রকাশ পাওয়া নিছক একটি ব্যক্তিগত ভুল হিসেবে সীমাবদ্ধ থাকে না। কারণ সংসদে উচ্চারিত প্রতিটি বক্তব্য রাষ্ট্রীয় নথির অংশ হয়ে যায়, যা কেবল রাজনৈতিক বক্তব্য নয়—বরং ইতিহাস, পরিচয় এবং জনআস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি আনুষ্ঠানিক অবস্থান।

বক্তব্যের পরবর্তীকালে যখন জানা যায়, সংশ্লিষ্ট সংসদ সদস্যের বাবা-মা জীবিত এবং তিনি মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পর জন্মগ্রহণ করেছেন, তখন বিষয়টি আর সাধারণ তথ্যগত অসতর্কতা হিসেবে দেখা কঠিন হয়ে পড়ে। এটি এমন একটি অসত্য দাবি, যা স্বাভাবিকভাবেই জনপরিসরে প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে মুক্তিযুদ্ধের মতো জাতির সবচেয়ে সংবেদনশীল ইতিহাসকে কেন্দ্র করে এ ধরনের পরিচয় ব্যবহার কেবল রাজনৈতিক বক্তব্য নয়—এটি নৈতিক দায়িত্ববোধ ও ঐতিহাসিক সততার সঙ্গেও সম্পর্কিত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ ধরনের বক্তব্য জনমনে হতাশা এবং আস্থাহীনতার জন্ম দেয়। কারণ মুক্তিযুদ্ধের শহীদ পরিবারগুলোর আত্মত্যাগ বাংলাদেশের রাষ্ট্রীয় ইতিহাসের সবচেয়ে সম্মানিত অধ্যায়গুলোর একটি। সেই ইতিহাস ও আত্মত্যাগের সঙ্গে সংশ্লিষ্ট পরিচয় কোনও সাধারণ রাজনৈতিক পরিচয় নয়, বরং গভীর আবেগ ও শ্রদ্ধার বিষয়। ফলে বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এমন দাবি অনেকের কাছেই কেবল একটি তথ্যগত ভুল নয়, বরং এক ধরনের নৈতিক স্খলন হিসেবেও মনে হতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিষয়টির আরেকটি মানবিক দিকও রয়েছে। একজন সন্তানের এমন বক্তব্য তার জীবিত বাবা-মায়ের জন্যও বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে। বিশেষ করে যখন সেই বক্তব্যের সঙ্গে বাস্তবতার সুস্পষ্ট অমিল দেখা যায়। একইভাবে, তিনি যে রাজনৈতিক দল অর্থাৎ জামায়াত ইসলামী থেকে নির্বাচিত হয়েছেন, সেই দলও স্বাভাবিকভাবেই জনসমালোচনার মুখে পড়ে। কারণ একজন সংসদ সদস্য কেবল নিজের প্রতিনিধিত্ব করেন না, তিনি তার রাজনৈতিক দল ও দলের রাজনৈতিক সংস্কৃতিকেও জনসমক্ষে উপস্থাপন করেন।

এই কারণেই বিষয়টিকে কেবল ব্যক্তিগত ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সংশ্লিষ্ট রাজনৈতিক দলেরও দায়িত্ব রয়েছে এ ধরনের ঘটনার বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়ার। সংসদে বা অন্য কোনও জাতীয় মঞ্চে অসত্য তথ্য উপস্থাপন দায়িত্বশীল রাজনৈতিক চর্চার সঙ্গে সংগতিপূর্ণ নয়—এই বার্তা দলীয়ভাবেও স্পষ্ট হওয়া প্রয়োজন। কারণ গণতান্ত্রিক রাজনীতিতে বক্তব্যের স্বাধীনতার পাশাপাশি বক্তব্যের সত্যতা ও দায়বদ্ধতাও সমান গুরুত্বপূর্ণ।

যদিও সংসদ সদস্য তাঁর এহেন বক্তব্যের পরবর্তীকালে দুঃখ প্রকাশ করেছেন। এটি অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ। কিন্তু গণতান্ত্রিক জবাবদিহির মানদণ্ডে দুঃখ প্রকাশই শেষ কথা হতে পারে না। সংসদে প্রদত্ত বক্তব্যের ক্ষেত্রে প্রশ্নটি ব্যক্তিগত অনুশোচনার চেয়ে বড়। কারণ এখানে রাষ্ট্রের সর্বোচ্চ আইনসভা এবং তার মর্যাদার বিষয় জড়িত।

এই প্রেক্ষাপটে স্পিকারের ভূমিকাও গুরুত্বপূর্ণ। সংসদীয় কার্যপ্রণালি অনুযায়ী স্পিকার সংসদের শৃঙ্খলা ও মর্যাদার রক্ষক। তিনি প্রয়োজনবোধে বিভ্রান্তিকর বা অনুপযুক্ত বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দিতে পারেন, সদস্যকে সতর্ক বা ভর্ৎসনা করতে পারেন এবং প্রয়োজন হলে বিষয়টি সংশ্লিষ্ট সংসদীয় প্রক্রিয়ার আওতায় আনতে পারেন। সংসদ সদস্যকে বহিষ্কার করার ক্ষমতা তার না থাকলেও সংসদের মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার এখতিয়ার তাঁর রয়েছে।

সবশেষে, এই ঘটনা আমাদের সামনে একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করেছে—সংসদ কি কেবল বক্তব্য দেওয়ার জায়গা, নাকি বক্তব্যের সত্যতা ও দায় বহনেরও জায়গা? গণতন্ত্রের শক্তি শুধু ভোট বা সংখ্যাগরিষ্ঠতায় নয়—সত্য, সততা এবং জবাবদিহির সংস্কৃতিতেও নিহিত। মুক্তিযুদ্ধ, শহীদ পরিবার এবং জাতীয় ইতিহাসের মতো সংবেদনশীল বিষয়গুলো রাজনৈতিক বক্তব্যের অলংকার হতে পারে না। এগুলো জাতির সম্মিলিত স্মৃতি ও মর্যাদার অংশ।

সেই কারণেই এই ঘটনাকে একজন ব্যক্তির ভুল হিসেবে দেখার চেয়ে বৃহত্তর রাজনৈতিক ও নৈতিক প্রেক্ষাপটে মূল্যায়ন করা প্রয়োজন। কারণ শেষ পর্যন্ত প্রশ্নটি কেবল একটি অসত্য দাবির নয়—প্রশ্নটি জনআস্থা, সংসদীয় মর্যাদা এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতির।

লেখক: মানবাধিকার কর্মী