গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ২০০৯ সালের পর একদিনে সর্বোচ্চ। রবিবার (১২ জুলাই) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানান।
১২ ঘণ্টায় ১৫৮ মিলিমিটার বৃষ্টি
রবিবার মধ্যরাত থেকে সকাল ৬টা পর্যন্ত ছয় ঘণ্টায় ঢাকায় ৭৬ মিলিমিটার এবং পরবর্তী ছয় ঘণ্টায় দুপুর ১২টা পর্যন্ত আরও ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদফতর। অর্থাৎ ১২ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে ১৫৮ মিলিমিটার।
রাস্তাঘাট প্লাবিত, নগরবাসীর দুর্ভোগ
অবিরাম বর্ষণে গুলশান, বনানী, ধানমন্ডি, মোহাম্মদপুর, পান্থপথ, শুক্রাবাদ, গ্রিন রোড, তেজতুরী বাজার, বসুন্ধরা আবাসিক এলাকা, বনশ্রী, রামপুরা, মনিপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া ও কালশীসহ রাজধানীর বিস্তীর্ণ সড়ক পানিতে তলিয়ে যায়। অনেক স্থানে ফুটপাতও ডুবে যাওয়ায় পথচারীদের মূল সড়ক ধরে চলতে হয়েছে। হাঁটু পানি ও বিকল যানবাহনে সকাল থেকেই চরম বিড়ম্বনায় পড়েন নগরবাসী।
২০০৯ সালের রেকর্ড
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদফতরের রেকর্ড অনুযায়ী, এর আগে ২০০৯ সালে একদিনে সর্বোচ্চ ৩৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এর পর আর কখনোই একদিনে এত বেশি বৃষ্টিপাত হয়নি।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।



