নীলফামারীর সৈয়দপুর তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ অসাধারণ সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে মোট ৪০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, যার মধ্যে ২৬ জন ট্যালেন্টপুল এবং ১৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। জেলার মধ্যে এটি কোনো একটি বিদ্যালয় থেকে সর্বোচ্চ সংখ্যক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর রেকর্ড।
পরীক্ষার ফলাফল ও অংশগ্রহণ
রোববার প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে এসব তথ্য জানা যায়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ৪০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জনে সক্ষম হয়েছে, যা অংশগ্রহণকারীদের ৭০ শতাংশেরও বেশি।
শিক্ষক ও প্রধান শিক্ষকের প্রতিক্রিয়া
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান খান বলেন, ‘শিক্ষকদের আন্তরিক পরিশ্রম, নিয়মিত পাঠদানের মানোন্নয়ন, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সচেতন সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে। একসঙ্গে ৪০ শিক্ষার্থীর বৃত্তি অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতেও এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’
উদযাপন ও আনন্দ
সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একসঙ্গে এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর বৃত্তি অর্জনের খবরে বিদ্যালয়জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। পরে বিদ্যালয়ে মিষ্টি বিতরণ করা হয় এবং সবাই এই সাফল্য উদযাপন করেন।
শিক্ষার্থী ও অভিভাবকের বক্তব্য
ট্যালেন্টপুল বৃত্তি পাওয়া বিদ্যালয়ের শিক্ষার্থী তাওসিফ ইসলাম (তাহিন) বলে, ‘আমি তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী হিসেবে গর্ববোধ করি। ভবিষ্যতে আমি মানবিক ডাক্তার হতে চাই।’ বৃত্তি পাওয়া এক শিক্ষার্থীর অভিভাবক পল্লী চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, ‘আমরা যাঁরা স্বল্প আয়ের মানুষ তাঁদের জন্য সরকারি স্কুলই ভরসা। তুলশীরাম স্কুল সৈয়দপুরে একটি ব্যতিক্রম প্রতিষ্ঠান। এখানে পড়াশোনায় ফাঁকি দেওয়া সুযোগ নেই।’



