জুলাই গণহত্যার আসামীদের ফিরিয়ে বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তি'র বিক্ষোভ মিছিল
শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার আসামী এবং শরিফ ওসমান হাদি হত্যার আসামীদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তি একটি বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, হলপাড়াসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
স্লোগান ও বক্তব্যে তীব্র প্রতিবাদ
বিক্ষোভ মিছিলে দলটির নেতারা 'আওয়ামীলীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও', 'একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর', এবং 'সাঈদ-ওয়াসিম-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ'-সহ নানান স্লোগান দিতে দেখা গেছে। সমাপনি বক্তব্যে ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, "জুলাই গণহত্যার পরিকল্পনা করা নেতারা এখন ভারতে তাদের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। প্রতিবেশি রাষ্ট্র যদি দায়িত্বশীল আচরণ করতো তাহলে তাকে আগেই দেশে ফেরত পাঠাতো। যখন শেখ হাসিনাকে কোনও দেশ আশ্রয় দেয় নাই, তখন এই ভারত সেই খুনীদের আশ্রয় দিয়েছে।"
সরকারের কাছে দাবি ও সতর্কতা
সরকারের কাছে দাবি জানিয়ে তিনি আরও বলেন, "আপনারা দায়িত্বশীল আচরণ করে হাদি হত্যার বিচারের জন্য তার খুনীদের অতিদ্রুত দেশে ফিরিয়ে আনবেন। পাশাপাশি এই হত্যার পেছনের কারণ দেশের মানুষের কাছে উন্মোচন করবেন। কোনোভাবেই ছাত্রলীগকে ফেরানোর সুযোগ দেওয়া যাবে না বরং তাদেরকে ধরে এনে বিচারের মুখোমুখি করতে হবে।"
ছাত্রশক্তি ঢাবি শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসিসর বলেন, "আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগকে নাকি এখন রাজনীতি করার অধিকার দিতে হবে। ছাত্রলীগকে সাধারণ মানুষের মতো ট্রিট করা যাবে না। তাদেরকে জঙ্গি হিসেবে ট্রিট করতে হবে। যারা এসব কথা বলে তারা কি বিগত ১৭ বছরের অত্যাচারের ইতিহাস ভুলে গিয়েছে?"
তিনি আরও বলেন, "বিএনপি ছাত্রদলসহ সকল ছাত্রসংগঠনকে বলে দিতে চাই, আপনারা কিছু বিষয়ে এক জায়গায় আসেন। যদি আওয়ামী লীগ ফেরত আসে তাহলে ক্যাম্পাসগুলোতে আগের মতো অবস্থা হবে, দেশের সব জায়গায় মাফিয়ারা মাথাচাড়া দিয়ে উঠবে।"
এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন যে, জুলাই গণহত্যার আসামীদের ভারত থেকে ফিরিয়ে এনে দ্রুত বিচার কার্যক্রম শুরু করতে হবে। তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, যদি আওয়ামী লীগ ফেরত আসে, তাহলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং মাফিয়া তৎপরতা বৃদ্ধি পেতে পারে।
