জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাদুঘর যতদিন থাকবে, ততদিন মানুষ এখানে এসে মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে ‘থুথু’ দেবে। মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনার কলরেকর্ড জাদুঘরে
স্পিকার বলেন, ‘জুলাই অভ্যুত্থানের সময় মাফিয়া শেখ হাসিনা যে তার খুনিদের সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন, তার কলরেকর্ড জুলাই জাদুঘরে সংরক্ষিত আছে। অভিনয়ে পারদর্শী এই নেত্রী বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবেন। জনগণ এখানে এসে হাসিনা ও আওয়ামী লীগের মুখে থুথু দেবে।’
গণতন্ত্রের প্রতীক জাদুঘর
স্পিকার আরও বলেন, ‘এই জাদুঘর প্রমাণ করবে বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে বিশ্বাস করে না। গণতন্ত্রের জন্য মানুষ হাসিমুখে জীবন দিতে পারে। এই জাদুঘর হবে বাংলাদেশের মানুষের জন্য বিশাল সম্পদ।’ তিনি জুলাই গণঅভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন।
ডেপুটি স্পিকারের বক্তব্য
এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘ফ্যাসিস্ট থেকে মুক্তির প্রতিবিম্ব হচ্ছে এই জুলাই জাদুঘর।’
সংস্কৃতিমন্ত্রীর ঘোষণা
পরিদর্শনকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় জানান, ‘জুলাইয়ের শেষ কিংবা আগস্টের ১ তারিখ জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর খুলে দেওয়া হবে।’
জাদুঘরটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় ড. মোহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান স্পিকার।



