কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে পাঁচ আগস্টের গণআন্দোলনের তুলনা করা মুক্তিযুদ্ধকে ছোট করার শামিল।
মুক্তিযুদ্ধের সাথে তুলনা অযৌক্তিক
ফজলুর রহমান বলেন, 'মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা যেমন হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা, মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনা করা ঠিক তেমনি। আমি আজ খুব পরিষ্কারভাবে বলতে চাই, একদিনে বাঙালি জাতি হয় নাই।' তিনি আরও বলেন, 'মুক্তিযুদ্ধের সঙ্গে যখন এক মাসের গণআন্দোলনকে তুলনা করা হয় তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়।'
পাঁচ আগস্টের পর কী হলো?
ফজলুর রহমান প্রশ্ন রাখেন, '৫ আগস্টের পরে কী হলো? আপনারা আমাকে একটু জানাবেন? এখানে ইউনূস সরকার ছিল।' তিনি শিল্পকলার সামনে অবস্থানের কথা উল্লেখ করে বলেন, 'একটা গান হতে পারে নাই, একটা নাটক হতে পারে নাই, একটা লালনের গীতি হতে পারে নাই, সবকিছু কাল শক্তি ধ্বংস করে দিয়েছিল। তারা বলেছিল কোনো মুক্তিযুদ্ধ হয় নাই।'
রাজাকারদের বাচ্চাদের হুঁশিয়ারি
বীর মুক্তিযোদ্ধা বলেন, 'এই আল-বদর, রাজাকারের বাচ্চারা এখনও কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধা জীবিত আছে। এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে— ৩০ লাখ লোক জীবন দিয়েছে এটাও সত্য।' তিনি পুলিশ ও মিলিটারিকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'আমার বাড়ির সামনে তারা গিয়ে উপস্থিত হয়েছে আমাকে বাঁচানোর জন্য।'
নির্বাচনী চক্রান্ত ও জামায়াত জোট
ফজলুর রহমান বলেন, 'অনেক চক্রান্তের মধ্য দিয়ে ইলেকশন হয়েছে। যত চক্রান্ত করেছে সেই চক্রান্তের ভেতর দিয়ে যখন তারা প্রচার করতে শুরু করলো— বাংলায় দুই তৃতীয়াংশ মেজরিটি পেয়ে তারা পাস করবে। আমি হতভাগা ফজলুর রহমান বলেছিলাম, জামাত জোট যদি মেজরিটি পায় তাহলে আমি বিষ খাবো।' তিনি দৃঢ়তার সাথে বলেন, 'তারা কোনোদিন যুদ্ধে জয় লাভ করতে পারে না, রাজনৈতিক যুদ্ধে। কারণ তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই।'
রয়েল বেঙ্গল টাইগারের প্রতীক
তিনি বলেন, 'এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারও থাকে। যতদিন রয়েল বেঙ্গল টাইগার থাকবে— মুক্তিযোদ্ধারা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয় লাভ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম।'
আগস্ট গণঅভ্যুত্থান, বিপ্লব নয়
ফজলুর রহমান বলেন, 'আগস্ট মাসকে আমিও খুব ছোট করে দেখি না। তবে আগস্ট কোনো বিপ্লব নয়, আগস্ট হল গণঅভ্যুত্থান— সেই গণঅভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সঙ্গে তুলনা করতে চায় তাদের সবাইকে আমি বলবো— এই কথাটা বলাই অন্যায়।'



