আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলছে। আজ বুধবার (২২ এপ্রিল) এ কার্যক্রমে জামায়াত জোটের ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ১২টি বৈধ ঘোষণা হয়েছে। তবে স্থগিত করা হয়েছে জামায়াত জোটের মধ্যে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ সিদ্ধান্ত দেন। মনিরা শারমিন মনোনয়নপত্রে রিটার্নিং দাখিলের নথিতে সরকারি পে-স্কেলে বেতন তোলার তথ্য দিয়েছেন। কিন্তু বিস্তারিত তথ্য-কবে, কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন তার তথ্য না থাকায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর পর্যন্ত বাছাই কার্যক্রম স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা।
মঈন উদ্দীন খান প্রার্থীর উদ্দেশে বলেন, “আপনি কাল দুপুর ১২টার মধ্যে কাজগপত্র জমা দেবেন। এরপর সিদ্ধান্ত দেওয়া হবে।”
জানা যায়, জামায়াত জোটের শরিক এনসিপির নেত্রী মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা হিসেবে যোগ দেন। গত বছরের ডিসেম্বরে তিনি চাকরি ছাড়েন। অর্থাৎ চাকরি ছাড়ার চার মাস পেরিয়েছে তার।
উল্লেখ্য, গণপ্রতিনিধি আদেশ (আরপিও) অনুযায়ী প্রার্থীর অযোগ্যতা প্রসঙ্গে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (চ) ধারা অনুযায়ী, কোনও ব্যক্তি সংসদ সদস্য নির্বাচতি হওয়ার অযোগ্য হবেন যদি তিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনও চাকরি থেকে পদত্যাগ করেন বা অবসর নেন এবং পদত্যাগ ও অবসরগ্রহণ যদি তিন বছর পার না হয়।



