জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক জানিয়েছেন, দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১৫ হাজার ৮৪৪টি অনুমোদিত শিক্ষক পদের বিপরীতে বর্তমানে ৮ হাজার ৪৮৬টি শিক্ষক পদ শূন্য রয়েছে। আজ রোববার সংসদের প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই সদস্যের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া
শিক্ষামন্ত্রী জানান, ২ হাজার ২০৪টি শূন্য পদে নিয়োগের সুপারিশ চেয়ে ইতিমধ্যে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) রিকুইজিশন পাঠানো হয়েছে। এছাড়া ৪৫তম বিসিএসে পিএসসি ৯৭ জন ক্যাডার এবং ৩৪৯ জন নন-ক্যাডার শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে। পুলিশ ভেরিফিকেশন শেষে তাদের নিয়োগ দেওয়া হবে। মন্ত্রী বলেন, পদোন্নতির মাধ্যমেও শূন্য পদ পূরণ করা হয়, তবে পদোন্নতিযোগ্য ৪ হাজার ১৩১টি শিক্ষক ও কর্মচারীর পদে কর্মরত জনবল না থাকায় সেসব পদে পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না।
ষষ্ঠ শ্রেণিতে নতুন দুটি বই
নারায়ণগঞ্জ–৪ আসনের এনসিপি সদস্য আবদুল্লাহ আল আমিনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের কর্মদক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণিতে সাধারণ ধারার শিক্ষার্থীদের জন্য ‘কারিগরি শিক্ষা’ বিষয়ে একটি নতুন পাঠ্যপুস্তক চালু হবে। অন্যদিকে, যশোর–৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শিখনপ্রক্রিয়াকে আনন্দময় করতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে আরেকটি নতুন পাঠ্যপুস্তক চালু হবে। এই বই শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও আত্মপ্রকাশের সক্ষমতা বিকাশে সহায়ক হবে।
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া বেতন
বাগেরহাট–২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময়ে দায়ের হওয়া ফৌজদারি মামলার কারণে যেসব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতার বকেয়া সৃষ্টি হয়েছে, সেসব ক্ষেত্রে বিধিবিধান অনুসরণ করে শিক্ষা মন্ত্রণালয় বকেয়া এমপিও পরিশোধের ব্যবস্থা নিয়েছে। সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে তাদের প্রাপ্য বকেয়া বেতন-ভাতা পরিশোধের বিষয়টি বিবেচনা করা হবে।
দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা
কক্সবাজার–৩ আসনের সরকারদলীয় সদস্য লুৎফুর রহমান এবং ময়মনসিংহ–৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১৭৪টি। এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয় ৫৬টি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ১১৬টি এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ২টি। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সাধারণ বিশ্ববিদ্যালয় ৩০টি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৮টি এবং প্রকৌশল, কৃষি, মেডিক্যাল ও অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় রয়েছে ৮টি।



