সাভারে মাদক মামলায় আরেক পুলিশ কর্মকর্তা ক্লোজ, মোট ৫
সাভারে মাদক মামলায় আরেক পুলিশ কর্মকর্তা ক্লোজ, মোট ৫

শীর্ষ মাদককারবারি শামীমের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিনকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে একই অভিযোগে থানার ওসি ইমরান আলি, এসআই মনিরুল ইসলাম, এএসআই আসিফুর এবং এএসআই মো. মেরাজকে ক্লোজ করা হয়। এ নিয়ে সাভার মডেল থানার উচ্চপর্যায়ের পাঁচ কর্মকর্তা ক্লোজ হলেন।

পুলিশ সুপারের বক্তব্য

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, “প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সাভার মডেল থানার ওসিসহ ক্লোজ করা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার যেসব তথ্য এসেছে সেই বিষয়ে তদন্ত চলছে। তদন্তসাপেক্ষে বিধি মোতাবেক সব ব্যবস্থা নেওয়া হবে।”

সাংবাদিকদের ওপর হামলার ঘটনা

পুলিশ জানায়, গত ২২ মে বিকেলে সাভারের রাজাশন এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের আস্তানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেশ টিভি ও এসএ টিভির চার সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হন। সন্ত্রাসীরা তাদের পিটিয়ে গুরুতর আহত করে। আহতরা হলেন— এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন, দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও তাদের ক্যামেরাপারসন। তাদের প্রথমে সাভার ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও গ্রেপ্তার

এ ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামি ও সাভারের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমকে গ্রেপ্তার করা যায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতি

এর আগে সাভারে সাংবাদিকদের ওপর মাদক কারবারিদের হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। গত ২৬ মে পুলিশ সদর দপ্তরে ব্রিফিংয়ে তিনি বলেন, “আপনারা তথ্য দেন— ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে আইজি আছেন, এখনই ব্যবস্থা নেওয়া হবে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তদন্ত কমিটি গঠন নিয়ে অনিশ্চয়তা

সাভারের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সোমবার যুগান্তরকে জানান, এসব ঘটনায় তদন্ত কমিটি গঠনের ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে ওসি ইমরান আলীর পর সর্বশেষ পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিনকেও পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।