চাঁদাবাজির প্রতিবাদ করায় কলেজছাত্রকে মারধর, ছাত্রদল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
চাঁদাবাজির প্রতিবাদ করায় কলেজছাত্রকে মারধর, মামলা

রাজশাহীতে চাঁদাবাজির প্রতিবাদ করায় এক কলেজছাত্রকে মারধরের ঘটনায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সভাপতিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৮ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানায় মামলাটি করেন আহত রাজশাহী কলেজের ছাত্র শাহীন আলী।

মামলার বিবরণ

মামলায় আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সভাপতি শাকিল মন্ডল আহাদ, ওয়ার্ড যুবদল কর্মী মো. পলাশ আলী, ওয়ার্ড ছাত্রদল কর্মী আজিজুল ইসলাম এবং আরও পাঁচ অজ্ঞাতনামা ব্যক্তিকে।

মামলার এজাহারে বলা হয়, গত ৩ জুলাই জুমার নামাজের আগে শাহীন আলী শাহমখদুম থানা মোড়ের একটি বিকাশের দোকানে লেনদেন করতে যান। কিছুক্ষণ পর আসামিরা দুলাল মন্ডল নামের এক বৃদ্ধকে মারতে মারতে বিকাশের দোকানের সামনে নিয়ে আসেন। তারা ওই বৃদ্ধকে একটি মোবাইল নম্বরে ৩০ হাজার টাকা বিকাশ করতে চাপ দিচ্ছিলেন। বৃদ্ধ বলেন, তার কাছে ৩০ হাজার টাকা নেই, তার মেয়ের বিকাশে টাকা আছে, বাসা থেকে ফোন এনে দিতে হবে। এ সময় বৃদ্ধ সাহায্যের জন্য পথচারীদের ডাকলেও আসামিদের ভয়ে কেউ এগিয়ে আসেনি। আসামিরা বৃদ্ধকে মারধর করতে থাকেন এবং শেষ করে দেওয়ার হুমকি দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিবাদ ও হামলা

বৃদ্ধের আকুতি দেখে কলেজছাত্র শাহীন আলী এগিয়ে গিয়ে নির্যাতনের প্রতিবাদ করেন। তিনি ঘটনার ভিডিও ধারণ করতে শুরু করলে আসামিরা তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে সড়কের ওপর ফেলে দিয়ে বাঁশের লাঠি ও কাঠের চয়লা দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে তারা তার মোবাইল ফোনটি আছাড় দিয়ে ভেঙে ফেলে।

এজাহারে শাহীন আলী আরও উল্লেখ করেন, বেধড়ক পেটানোর ফলে তার শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয় এবং এলাকার লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা গ্রহণে বিলম্ব

হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে শাহীন আলী গত ৭ জুলাই আরএমপির শাহমখদুম থানায় মামলা করতে যান। তবে পুলিশ ওইদিন মামলা গ্রহণে অস্বীকৃতি জানায়। পরে ৮ জুলাই পুলিশ শাহীনকে ফোন করে এজাহার লিখে জমা দিতে বলেন। এজাহার দেওয়ার পর ওইদিন চাঁদাবাজি, মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়।

ভুক্তভোগীর বক্তব্য

শাহীন আলী বলেন, "আসামিরা বৃদ্ধকে মারধর করে চাঁদাবাজি করছিলেন। আমি দেখতে পেয়ে প্রতিবাদ করেছি। ফলে চাঁদাবাজরা আমাকেই বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করেছে ও আমার ১ লাখ ৫০ হাজার টাকা দামের মোবাইল ফোনটি ভেঙে ফেলেছে। পুলিশ দ্রুত সময়ে আসামিদের গ্রেফতার করবে বলে আশা করছি।"

অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা ও মামলার প্রধান আসামি শাকিল মন্ডল আহাদের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া গেছে।

বৃদ্ধের বক্তব্য

ঘটনার সূত্রপাত যাকে নিয়ে সেই বৃদ্ধ দুলাল মন্ডল বলেন, "চাঁদাবাজরা আমাকে ফাঁদে ফেলে প্রথমে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। জোরপূর্বক ধরে এনে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা নিয়ে নিয়েছে। মেয়ের বিকাশ থেকে টাকাটা পরিশোধ করে পালিয়ে প্রাণে রক্ষা পাই। শাহীন আলী প্রতিবাদ করায় তাকেও মেরেছে। চাঁদাবাজরা আমার জাতীয় পরিচয়পত্রের কপি রেখে দিয়েছে।"

পুলিশের বক্তব্য

ঘটনার বিষয়ে জানতে চাইলে আরএমপির শাহমখদুম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। মামলা রুজুর পর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও জানান, ঘটনাটি চাঁদাবাজির হলেও পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও পুলিশ তদন্ত করে দেখছে।