নোয়াখালীতে জামায়াত কর্মী গুলিবিদ্ধ, তদন্ত চলছে
নোয়াখালীতে জামায়াত কর্মী গুলিবিদ্ধ, তদন্ত চলছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নে দুর্বৃত্তের ছোড়া গুলিতে মাইনুল ইসলাম মাহিন (২৫) নামে জামায়াতের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু মিয়ার বাড়ি সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাহিন আইয়ুবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ১১টায় নিজ বাড়ির সামনের রাস্তায় বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন মাহিন। হঠাৎ একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে কাপড়ে মুখ বাঁধা অবস্থায় চার থেকে পাঁচজন সেখানে এসে টর্চ লাইটের আলো জ্বালিয়ে গুলি ছোড়ে। এতে মাহিনের পায়ে গুলি লাগে ও তিনি পড়ে যান। তখন আবার গুলি করে দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

হাসপাতালে ভর্তি ও রেফার

পরে স্থানীয় লোকজন মাহিনকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন। নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার হাসান আল মুলক বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসার পর রোগীর অবস্থা গুরুতর হওয়ায় আমরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেছি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রত্যক্ষদর্শীর বক্তব্য

ঘটনার প্রত্যক্ষদর্শী আরেফিন শিহাব বলেন, ‘আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ কয়েকজন সিএনজিতে করে এসে গুলি করে আবার চলে যায়। তাদের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল।’

জামায়াতের প্রতিক্রিয়া

বেগমগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম বলেন, ‘অজ্ঞাত কয়েকজন সিএনজিযোগে এসে আমাদের কর্মী মাহিনকে গুলি করে পালিয়ে যায়। এটা রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে বলে আমরা ধারণা করছি। গুলিবিদ্ধ মাহিনকে ঢাকায় রেফার করা হয়েছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের তদন্ত

বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ‘আমানউল্লাহপুরে একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনা জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা গুলি করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।’