এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ইংরেজি ১ম পত্রের উত্তর লেখার কলাকৌশল ও নির্দেশিকা নিচে বিস্তারিত তুলে ধরা হলো। পরীক্ষার প্রশ্নপত্র দুটি অংশে বিভক্ত: Reading Test (৬০ নম্বর) এবং Guided Writing (৪০ নম্বর)।
Reading Test (Seen Passage এবং Unseen Passage) - ৬০ নম্বর
পাঠ্যবই (English For Today) থেকে ১, ২ ও ৩ নম্বর প্রশ্ন প্রণয়ন করা হবে। অন্যদিকে, পাঠ্যবইয়ের বাইরের (Unseen) বিষয়ের ওপর ভিত্তি করে ৪, ৫ ও ৬ নম্বর প্রশ্ন থাকবে।
Seen Passage: ১ নম্বর প্রশ্ন (১৫ নম্বর)
১ (a) নম্বর প্রশ্নে ৫টি MCQ (বহুনির্বাচনি প্রশ্ন) থাকবে। প্রতিটি প্রশ্নে ৪টি করে বিকল্প উত্তর দেওয়া থাকবে, যেখান থেকে সবচেয়ে সঠিক উত্তরটি বাছাই করে লিখতে হবে। এই অংশের জন্য ৫×১=৫ নম্বর নির্ধারিত।
১ (b) নম্বর প্রশ্নে ৫টি প্রশ্ন থাকবে, যা পরীক্ষার্থীর স্মৃতিশক্তি, সৃষ্টিশীলতা, অনুধাবন ক্ষমতা, বিশ্লেষণ ও মূল্যায়ন শক্তি যাচাই করে। প্রতিটি প্রশ্নের উত্তর ২/৩টি বাক্যে লিখতে হবে। এই অংশের জন্য ২×৫=১০ নম্বর বরাদ্দ।
Seen Passage: ২ নম্বর প্রশ্ন (১০ নম্বর)
পাঠ্যবই থেকে নেওয়া অনুচ্ছেদের ভিত্তিতে হয় Flow Chart অথবা Information Transfer থাকবে। Flow Chart-এ প্রদত্ত passage-এর সম্পূর্ণ বা আংশিক বক্তব্য একটি প্রবাহ চিত্রের মাধ্যমে ১ নম্বর বক্সে দেওয়া থাকবে। বাকি ৫টি বক্সে প্রদত্ত বক্তব্যের পরিণতি বা ফলাফল ধারাবাহিকভাবে Short phrase-এ পত্রিকার শিরোনামের মতো করে লিখতে হবে।
Information Transfer-এ একটি সিন প্যাসেজ দেওয়া থাকবে, যার ওপর ভিত্তি করে ৫টি শূন্যস্থান table অথবা Grid format-এ উপস্থাপিত হবে। সেগুলো যথাযথ তথ্যের মাধ্যমে পূরণ করতে হবে। ২ নম্বর প্রশ্নের জন্য Flow Chart অথবা Information Transfer-এর যেকোনো একটি প্রশ্ন থাকবে।
Seen Passage: ৩ নম্বর প্রশ্ন (১০ নম্বর)
পাঠ্যবই থেকে নেওয়া অনুচ্ছেদ অথবা Poem অবলম্বনে summary লিখতে হবে। Summary-এর জন্য দেওয়া Passage-এর তিন ভাগের এক ভাগ নেওয়া হয়। Summary-তে পরোক্ষ উক্তি, নিজস্ব শব্দ ও সরল বাক্য ব্যবহার করতে হবে। সবকিছুই প্রদত্ত অনুচ্ছেদ অনুযায়ী লিখতে হবে।
Unseen Passage: ৪ নম্বর প্রশ্ন (৫ নম্বর)
Cloze Test With Clues: পাঠ্যবইয়ের বাইরের (Unseen) Passage-এ ১০টি শূন্যস্থান থাকবে, যার জন্য ১২টি word-এর একটি তালিকা দেওয়া থাকবে। তালিকা থেকে উপযুক্ত শব্দটি বেছে নিয়ে প্রয়োজনে সেগুলোর form বদল করে উত্তর লিখতে হবে।
Unseen Passage: ৫ নম্বর প্রশ্ন (১০ নম্বর)
Cloze Test Without Clues: Unseen Passage-এ ১০টি শূন্যস্থান থাকবে, কিন্তু কোনো word-এর তালিকা থাকবে না। প্রদত্ত Passage-এর context অনুযায়ী শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে।
Unseen Passage: ৬ নম্বর প্রশ্ন (১০ নম্বর)
Rearranging sentences: এখানে পরস্পর অর্থ সংগতিবিশিষ্ট ১০টি Sentence থাকবে। ঘটনার পরম্পরা অনুযায়ী সেগুলোকে ধারাবাহিকভাবে সাজাতে হবে। Sentence-এর number বা serial নম্বর ধারাবাহিকভাবে লিখতে হবে। Sentence-গুলো passage-আকারে না লিখলেও চলবে।
Part 2: Guided Writing - ৪০ নম্বর
৭ নম্বর প্রশ্ন: প্যারাগ্রাফ (১০ নম্বর)
২০০ শব্দের একটি প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখতে হবে।
৮ নম্বর প্রশ্ন: গল্প সম্পূর্ণকরণ (৭ নম্বর)
একটি অসম্পূর্ণ গল্পকে সম্পূর্ণ করতে হবে। যতটুকু দেওয়া থাকবে, তার সঙ্গে নতুন বাক্যগুলো লিখে তাকে সম্পূর্ণ করতে হবে। গল্পটির একটি শিরোনাম (title) লিখতে হবে। শিরোনাম লিখতে ভুলবেন না।
৯ নম্বর প্রশ্ন: Informal Letter (৫ নম্বর)
একটি Informal letter লিখতে হবে। বাস্তব প্রয়োজনে আমরা যেভাবে letter লিখি, সেভাবেই এই letter লিখতে চেষ্টা করবে। letter-এর content যেন সুন্দর হয়। ব্রিটিশ বা আমেরিকান স্টাইলের মিশ্রণ না করে যেকোনো একটি স্টাইলে লিখবে। যথেষ্ট মার্জিন রাখবে। যদি পত্রের ওপরে ডান পাশে ঠিকানা ও তারিখ লেখা হয়, তাহলে পত্র শেষ করবে ডান পাশেই। Informal letter-এর পরিবর্তে email-ও আসতে পারে।
১০ নম্বর প্রশ্ন: Interpreting Graph and Chart (১০ নম্বর)
Graph and chart ব্যাখ্যা করতে কিছু ভিন্ন শব্দমালা প্রয়োগ করা হয়, যেমন- Steady rise, sharp fall, sharp decline, sharp rise, highest, lowest, moderate ইত্যাদি। বর্ণনায় মূল বৈশিষ্ট ও তথ্য-উপাত্তের দিকে দৃষ্টি রাখতে হবে। বিস্তারিত বর্ণনা করা থেকে বিরত থাকতে হবে। অনুমাননির্ভর তথ্য প্রদান করা যাবে না। তথ্য-উপাত্ত পরিষ্কারভাবে তুলে ধরতে হবে এবং তুলনামূলক বিশ্লেষণ করতে হবে। সামগ্রিক বিষয়ের ওপর মন্তব্য লিখে এই অংশের সমাপ্তি টানতে হবে।
১১ নম্বর প্রশ্ন: Theme (৮ নম্বর)
শর্ট স্টোরিজের Text অথবা Poem-এর Theme (মূলভাব) লিখতে হবে।
উল্লেখ্য, ইকবাল খান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা এই নির্দেশিকা প্রণয়নে সহায়তা করেছেন।



