রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইনজেকশন ও চেতনানাশক দ্রব্য উদ্ধারসহ অজ্ঞান পার্টির সাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন– মো. সাইফুল ইসলাম, অপু আহমেদ সরকার, মো. সুজন খান, মুহাম্মদ রাশেদ ব্যাপারী, মিঠু মিয়া ওরফে মন্টু ব্যাপারী ওরফে মিন্ট ব্যাপারী ওরফে মিটু, মো. মকবুল খন্দকার ও টুটুল বিশ্বাস ওরফে সুমন।
অভিযানের বিবরণ
বুধবার (৬ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৫ মে) যাত্রাবাড়ীর ধোলাইপাড় চত্বরের উত্তর-পশ্চিম পার্শ্ব টুঙ্গীপাড়া এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় এসব ইনজেকশন ও চেতনানাশক দ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি টিম।
উদ্ধারকৃত জিনিসপত্র
গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে চেতনানাশক দ্রব্য, চেতনানাশক হালুয়া, চেতনানাশক ইনজেকশন, অজ্ঞান করার কলাকৌশল ও প্রচারণামূলক সাতটি লিফলেট ও সাতটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করা হয়।
চক্রের কার্যকলাপ
গ্রেফতার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন আন্তঃজেলা বাস টার্মিনাল ও জনাকীর্ণ এলাকায় সাধারণ যাত্রীদের কৌশলে চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে বা ইনজেকশন পুশ করে সর্বস্ব লুট করতো।



