ঘানার ওঝা নানা কোয়াকু একের পর এক ভবিষ্যতদ্বাণী করে আলোচনায় আসছেন। শুরুতে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে ‘অভিশাপ দিয়ে’ আলোচনায় এসেছিলেন। এবার তার দাবি, কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা!
হ্যারি কেইনের ওপর অভিশাপ
গ্রুপ পর্বের ম্যাচে ঘানার মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনের ওপর ‘অভিশাপ’ দিয়ে সম্প্রতি ভাইরাল হন এই ঘানাইয়ান ওঝা। তিনি তখন বলেছিলেন, “আমি কেইনের ওপর কাজ করছি। আমি তার বড় কোনো ইনজুরি চাই না। তবে আমার দেশের বিরুদ্ধে তাকে আটকে রাখার জন্য যতটুকু দরকার, ততটুকুই করব। ঘানাকে জেতাতে আমি আমার কাজ করব।”
সেই ম্যাচটি ০-০ গোলে ড্র হয়েছিল। আর চলতি বিশ্বকাপে বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার কেবল ওই একটি ম্যাচেই গোল পাননি।
ওঝার দাবি ও কাকতালীয় মিল
ম্যাচ শেষের বাঁশি বাজার পর সেই ওঝা দাবি করেন, “আমিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওঝা! এবার আমি হ্যারি কেইনকে মুক্ত করে দেব, যাতে সে পরের ম্যাচেই গোল করতে পারে। কেইন আমার শত্রু নয়, শিগগিরই আমার এক সন্তানের নাম আমি হ্যারি রাখব।” তার সেই কথা কাকতালীয়ভাবে মিলেও যায়। পরের ম্যাচে পানামার বিপক্ষে ইংল্যান্ডের ২-০ ব্যবধানের জয়ে ঠিকই গোলের দেখা পান কেইন।
আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী
আর্জেন্টিনা–কেপ ভার্দে রাউন্ড অব থার্টি টুর ম্যাচ মায়ামিতে ৪ জুলাই। গ্রুপ পর্বের সব ম্যাচে সহজে জেতা আর্জেন্টিনা এ ম্যাচে হারবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন সেই ওঝা। তিনি বলেছেন এভাবে, “শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।”
বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা এখন পর্যন্ত সাতবার আফ্রিকার দলগুলোর মুখোমুখি হয়েছে। আফ্রিকার দলের কাছে তাদের একমাত্র হারটি এসেছিল ১৯৯০ বিশ্বকাপে, রজার মিলার ক্যামেরুনের বিপক্ষে।



