রাজধানীর ধানমন্ডি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি পেশাদার ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. রিপন (৩৫), মো. সাদ্দাম হোসেন ওরফে সিআইডি সাদ্দাম (৩০) ও টিপু আহমেদ ওরফে ডিশ টিপু (৫২)।
ছিনতাইয়ের ঘটনা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী ধানমন্ডি মডেল থানা পুলিশের বরাত দিয়ে জানান, শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ধানমন্ডি ৭ নম্বর রোডের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস অফিস সংলগ্ন রাস্তায় এক নৃশংস ছিনতাইয়ের ঘটনা ঘটে।
তিনি জানান, ওই সড়ক দিয়ে কলাবাগান এলাকার বাসিন্দা দুই বন্ধু রাতে একটি জিম থেকে রিকশায় করে বাসায় ফিরছিলেন। পথে ৪ জন ছিনতাইকারী তাদের রিকশার গতিরোধ করে। এরপর ধারালো চাপাতি বের করে তাদের গলায় ধরে আতঙ্ক সৃষ্টি করে দুটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। এসময় একজন বাধা দিলে ছিনতাইকারীরা তাকে চাপাতি দিয়ে কোপায়, এতে তার বাম হাতের কবজির ওপর কেটে রক্তাক্ত জখম হয়। পরবর্তীকালে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
মামলা ও গ্রেফতার
এই ঘটনায় ভুক্তভোগীর বাবার আজ শুক্রবার (৩ জুলাই) ধানমন্ডি মডেল থানায় মামলা করেন। এর পরই ধানমন্ডি মডেল থানা পুলিশের একটি টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে অভিযান চালিয়ে ওই ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা প্রত্যেকেই পেশাদার ছিনতাইকারী। তারা ধানমন্ডিসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাইসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।



