নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গভীর রাতে মসজিদের তালা ভেঙে দানবক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ও ফকিরের তাকিয়া জামে মসজিদ কমিটির সভাপতি মো. ইউসুফ নবী।
ঘটনার বিবরণ
মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফকিরের তাকিয়া সমাজের ফকিরের তাকিয়া শাহী জামে মসজিদে এ চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মসজিদের ইমাম আবু বক্কর ছিদ্দিক (২৫) মসজিদের পাশের মক্তবকক্ষে ঘুমিয়ে ছিলেন। সুযোগ বুঝে গভীর রাতে একদল চোর পরিকল্পিতভাবে মসজিদে ঢোকে। প্রথমে তারা ইমামের কক্ষটি বাইরে থেকে ছিটকিনি দিয়ে বন্ধ করে দেয়। এরপর মসজিদের দুটি তালা ভেঙে ভেতরে ঢুকে দানবক্সের তালা ভেঙে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
ইমামের বর্ণনা
ভোরে ফজরের আজানের জন্য জেগে উঠে ইমাম নিজ কক্ষে বাইরে থেকে ছিটকিনি আটকানো দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় বের হয়ে তিনি আজান দেন এবং বিষয়টি প্রকাশ পায়।
মসজিদ কমিটির প্রতিক্রিয়া
এই ঘটনা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ও ফকিরের তাকিয়া জামে মসজিদ কমিটির সভাপতি মো. ইউসুফ নবী বলেন, দানবক্সে আনুমানিক ৮-১০ হাজার টাকা ছিল। দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক।
পুলিশের বক্তব্য
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, এই ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।



