রাজধানীর মোহাম্মদপুরে বাসার ফটকের সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। শনিবার (৩০ মে) দিবাগত রাতে মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা চাপাতি দিয়ে তাদের ভয় দেখিয়ে লাগেজ ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
ঘটনার বিবরণ
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুইজন নারী রিকশা থেকে নেমে বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। এ সময় চাপাতি হাতে নিয়ে পরনে লুঙ্গি ও গায়ে কালো গেঞ্জি থাকা এক ব্যক্তি আসেন। তার সঙ্গে আরও একজন ব্যক্তিকে দেখা যায়। তারা চাপাতি দিয়ে ভয় দেখিয়ে সেখানে থাকা দুই নারীর লাগেজ, ব্যাগ ও জিনিসপত্র ছিনিয়ে নেন।
পুলিশের বক্তব্য
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব গণমাধ্যমকে জানান, ভুক্তভোগী দুই নারী ঠাকুরগাঁও থেকে বাসে করে এসে ঢাকার শ্যামলীতে নামেন। পরে রিকশা করে বাসায় যান। বাসার সামনে থেকে তারা ছিনতাইয়ের শিকার হন। এই ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে এবং পুলিশ তাকে আটকের চেষ্টা করছে বলেও জানান তিনি।



