মাদক সেবনকারীকে ছাড়াতে গিয়ে গ্রেপ্তার শ্রমিক দল নেতা, বহিষ্কার
মাদক সেবনকারীকে ছাড়াতে গিয়ে গ্রেপ্তার শ্রমিকদল নেতা

খুলনায় মাদক সেবনকারী দুইজনকে ছাড়িয়ে নিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ওয়ার্ড শ্রমিক দলের নেতা ও তার এক সহযোগী। গ্রেপ্তার হওয়া শ্রমিকদল নেতাও এসময় মদ্যপ অবস্থায় অসংলগ্ন আচরণ করেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনা জানাজানির পর অভিযুক্ত শ্রমিকদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।

গ্রেপ্তার ও ঘটনার বিবরণ

শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে নগরীর সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন, নগরীর ১৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মোস্তফা শেখ দুলাল ও তার সহযোগী মো. শরিফুল ইসলাম।

সোনাডাঙ্গা থানা পুলিশ সূত্র জানায়, শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মাদকবিরোধী অভিযান চলাকালে মাদক সেবনরত অবস্থায় মো. পারভেজ শেখ ও মোহাম্মদ আব্দুল্লাহকে সোনাডাঙ্গা থানা পুলিশ গ্রেপ্তার করে। রাত পৌঁনে ১টার দিকে তাদের ছাড়ানোর জন্য মদ্যপরত অবস্থায় নগরীর ১৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মোস্তফা শেখ দুলাল ও তার সহযোগী মো. শরিফুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন সোনাডাঙ্গা থানায় এসে গ্রেপ্তার দুইজনের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গ্রেপ্তার

এ সময় শ্রমিক দল নেতা মোস্তফা শেখ দুলাল থানায় কর্মরত সহকারী পরিদর্শক (এসআই-নিরস্ত্র) নাদিম মাহমুদের সঙ্গে দেখা করে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার প্রস্তাব দেয়। এতে এসআই নাদিম মাহমুদ রাজি না হলে শ্রমিক দল নেতা দুলাল শেখ ও তার সহযোগী শরিফুল ইসলাম এসআই নাদিম মাহমুদসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের চাকরিচ্যুতসহ অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও হুমকি-ধামকি দেয়। তখন পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে দুলাল শেখ ও শরিফুলকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজনসেলে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নগরীর সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘শনিবার দিবাগত রাতে মাদক সেবনরত অবস্থায় দুইজনকে গ্রেপ্তার করার পর মোস্তফা শেখ দুলাল ও তার সহযোগী শরিফুল ইসলাম থানায় এসে প্রভাব খাটিয়ে তাদের ছড়িয়ে নেওয়ার চেষ্টা করে। তখন তারাও মদ্যপ অবস্থায় ছিল। আর মদ্যপ অবস্থায় থাকলে তারা কী ধরনের আচরণ করতে পারে সেটাতো বোঝেন। পরে তাদের গ্রেপ্তার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজনসেলে ভর্তি করা হয়েছে।’

শ্রমিক দল থেকে বহিষ্কার

এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে মোস্তফা শেখ দুলালকে প্রাথমিক সদস্যপদসহ শ্রমিকদল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার এক বিবৃতিতে মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম টিপু সাক্ষরিত এক বিবৃতিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়।