বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নিয়ে আসছে ফুটবলকেন্দ্রিক একটি বিশেষ সংকলিত পর্ব। আজ শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে এই পর্ব, যা রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
চাঁপাইনবাবগঞ্জের আম্রকাননে ধারণ করা বিশেষ অংশ
সংকলিত এ আয়োজনের একটি অংশে থাকছে ২০১৬ সালের বাংলা বছরের প্রথম মাসে চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের আম্রকাননে ধারণ করা ‘ইত্যাদি’র বিশেষ পর্বের নির্বাচিত অংশ। বাকি অংশ সাজানো হয়েছে ‘ইত্যাদি’র বিভিন্ন পর্বে প্রচারিত ফুটবলবিষয়ক জনপ্রিয়, তথ্যবহুল ও দর্শকপ্রিয় আয়োজন দিয়ে। চাঁপাইনবাবগঞ্জের আম্রকানন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, ইতিহাস ও ঐতিহ্যের কারণেও বিশেষ গুরুত্ব বহন করে। প্রাচীন বরেন্দ্র অঞ্চল এবং গৌড়-সুলতানি আমলের নানা ঐতিহাসিক নিদর্শন ও প্রত্নসম্পদের পরিচয় বহন করে এই জনপদ। সেই ইতিহাস ও সংস্কৃতির নানা দিকও উঠে এসেছে অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনে।
মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন
বিষয়বৈচিত্র্যে ভরপুর এই পর্বে রয়েছে কয়েকটি মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ এবং জেলার বিখ্যাত আমকে কেন্দ্র করে রয়েছে দুটি তথ্যভিত্তিক প্রতিবেদন। পাশাপাশি সর্পপ্রেমী তরুণ ফজলে রাব্বী রবিনকে নিয়ে একটি সচেতনতামূলক প্রতিবেদনও প্রচার করা হবে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ও সমাজসেবক
এ ছাড়া ফুটবল নিয়ে তিনবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়া মাগুরার হালিমকে নিয়েও থাকছে একটি অনুপ্রেরণামূলক প্রতিবেদন। ১৯৯৫ সালে তাঁকে প্রথম দর্শকদের সামনে তুলে ধরেছিল ‘ইত্যাদি’। খুলনার ফুলতলা উপজেলার প্রচারবিমুখ সমাজসেবক ও শিক্ষানুরাগী কুতুবুদ্দিন আহমেদকে নিয়েও রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন।
বিদেশি প্রতিবেদন ও সঙ্গীতানুষ্ঠান
অনুষ্ঠানের বিদেশি প্রতিবেদনে তুলে ধরা হবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যে সমৃদ্ধ গ্রিসের রাজধানী এথেন্স ও দেশটির ঐতিহ্যবাহী ইভজোনস সেনাদলকে। চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা এবং হানিফ সংকেতের সুরে একটি বিশেষ গানের সঙ্গে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে পরিবেশিত হবে বর্ণিল নৃত্য। পাশাপাশি থাকবে একটি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা, যেখানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কিছু অসংগতি ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন প্রাণ রায় ও জয়রাজ।
গম্ভীরা ও দর্শক পর্ব
দর্শক পর্বে অংশ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা দল। গম্ভীরাশিল্পী মাহাবুবুল আলম ও ফাইজুর রহমান মানি চাঁপাইনবাবগঞ্জ ও লোকসংগীত নিয়ে পরিবেশন করেছেন বিশেষ গম্ভীরা। সেই পরিবেশনার ওপর ভিত্তি করে প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে বিজয়ীদের।
জনপ্রিয় বিভাগসমূহ
এ ছাড়া বিভিন্ন সময়ের সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে নির্মিত বিদ্রূপাত্মক নাট্যাংশের সংকলনের পাশাপাশি থাকছে ‘ইত্যাদি’র জনপ্রিয় ‘নানি-নাতি’, ‘মামা-ভাগনে’ ও ‘চিঠিপত্র’ বিভাগও।



