বোয়ালমারীতে বিএনপি সম্মেলনে সভাপতি পদে দুই প্রার্থীর সমর্থকদের মারামারি, আহত ৫
বোয়ালমারীতে বিএনপি সম্মেলনে দুই গ্রুপের মারামারি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে ওই ইউনিয়নের সুতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির এই সম্মেলনের আয়োজন করা হয়।

মারামারির ঘটনা

সম্মেলন শুরুর আগে সভাপতি পদপ্রার্থী মো. বিশু মোল্লা ও আবুল কালাম মিয়ার সমর্থকদের মধ্যে প্রথমে কথা–কাটাকাটি হয়। এর জেরে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি এবং এক পর্যায়ে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। এ সময় চেয়ার ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে উপস্থিত নেতারা উভয় পক্ষের কর্মী–সমর্থকদের শান্ত করলে সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রার্থীদের বক্তব্য

উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. বিশু মোল্লা বলেন, ‘সম্মেলন বিদ্যালয়ের কক্ষে হয়েছে। বাইরে পোলাপান মারামারি করেছে। কালাম মিয়া অন্য ইউনিয়ন থেকে তাঁর সমর্থকদের এনেছিল। তারা এই এলাকার লোকদের সঙ্গে দুর্ব্যবহার করা থেকে এ মারামারি হয়েছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে দাবি আবুল কালাম মিয়ার। তিনি বলেন, ‘যাঁরা ঝামেলা করেছে, তাঁরা বাজে ছেলে। সম্মেলন সম্পূর্ণ সফলভাবে শেষ হয়েছে।’

নেতাদের মন্তব্য

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা জানান, সম্মেলন শুরু হওয়ার আগে দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা–কাটাকাটি নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতি হয়। খুব বড় ধরনের কিছু না। পরে শান্তিপূর্ণভাবে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কমিটি ঘোষণা

সম্মেলনের পর কমিটি ওখানে ঘোষণা করা হয়নি। তবে এ সম্মেলনে যাঁরা সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থী ছিলেন, তাঁদের বক্তব্য নেতারা শুনে গেছেন। উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, বোয়ালমারীর একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের কমিটি একসঙ্গে উপজেলা বিএনপি ঘোষণা করবে।