নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার (২২ জুন) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়।
ডিবি কর্মকর্তার বক্তব্য
ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ ছিল। সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আজ সকালে তার আত্মীয়ের জিম্মায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পূর্বের ঘটনা
এর আগে, রবিবার (২১ জুন) পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে খাইরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ ডিবি পুলিশ কার্যালয়ে আনে। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোড ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
যুবদল থেকে বহিষ্কার
এদিকে ডিবি আটক করার পর জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি (দফতরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেল সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।



