শিবির নেতা জিসান মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লার দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি শনিবার (১৩ জুন) পৃথক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে। নেতারা অভিযোগ করেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে জামায়াতে ইসলামী শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানের অপহরণ নাটক সাজিয়েছে।
উপজেলা বিএনপির প্রতিবাদ সভা
শহীদনগর এম.এ জলিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির আহবায়ক এম.এ লতিফ ভুঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জসিমউদ্দিন আহমেদ ও সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম বক্তব্য দেন। তারা বলেন, বানোয়াট নিখোঁজের পরদিন শিবির নেতাকে লাকসাম থেকে পুলিশ উদ্ধার করেছে। জিসানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক বিধবা মাকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ রয়েছে। এ দায় থেকে বাঁচতে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। জামায়াতের অপপ্রচার সুস্থ রাজনীতির পরিপন্থি।
পৌর বিএনপির বিক্ষোভ
দাউদকান্দি পৌর সদরে মিছিলপূর্ব প্রতিবাদ সভায় পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার ও সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার উন্নয়ন করছে। জামায়াত ছলচাতুরী করে সরকারকে বেকায়দায় ফেলতে চায়। জিসানকে কেউ অপহরণ করেনি, তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। তারা অপহরণ নাটকের তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানান এবং কঠোর শাস্তির দাবি করেন।
অন্যান্য ইউনিয়নে বিক্ষোভ মিছিল
এছাড়া বিটেশ্বর ইউনিয়নের নৈইয়ারে বিএনপি ও ছাত্রদল, ইলিয়টগঞ্জ উত্তর ও দক্ষিণ ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল বের করে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুস সাত্তার, এনামুল হক সফর তালুকদার, আরিফ মাহামুদ, যুবদলের শাহ আলম সরকার, ছাত্র দলের আসিফ কবির, ছাত্রদলের আবদুল বাসেদ ও রিমন খন্দকার। পৌর সভায় উপস্থিত ছিলেন কাউসার আলম সরকার, শরীফ চৌধুরী, রোমান খন্দকার, আসাদুজ্জামান লিমন, মজিবুর রহমান ও জামাল হোসেন প্রমুখ।



