টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় পার্টির দুই নেতা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার (২৬ এপ্রিল) উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং বহুরিয়া ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি ওয়াসিম মিয়ার নেতৃত্বে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠান
বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইয়াহ হিয়াহ খান মারুফ। তিনি বলেন, রোববার মির্জাপুর প্রেস ক্লাবে এসে জাতীয় পার্টির নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দিয়েছেন। এছাড়া গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের হয়ে কাজ করেছেন আবুল কাশেমসহ নেতাকর্মীরা। জামায়াতের ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্তত ৩০ জন নেতাকর্মীসহ তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন।
যোগদানের কারণ
সদ্য জামায়াতে যোগ দেওয়া আবুল কাশেম বলেন, আমি দীর্ঘ ১৫ বছর বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি থেকে দলীয় সাপোর্ট পাইনি। সামনের দিনগুলোতে জামায়াতে ইসলামী আমাকে ও নেতাকর্মীদের মূল্যায়ন করবে এমন আশ্বাসে আমি এই সংগঠনে যোগ দিয়েছি।
এ সময় যোগদান অনুষ্ঠানে উপস্থিত আরও ছিলেন ছাত্র সমাজের সভাপতি ওয়াসিম মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মির্জাপুর উপজেলা শাখার সেক্রেটারি আবুল কাশেম মৃধা, সেক্রেটারি জেনারেল জাহাঙ্গীর আলম শাজাহান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখা ও কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আব্দুল্লাহ তালাকদারসহ অনেকেই।



