প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তাঁর জীবন, রাজনৈতিক দর্শন ও উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাদাসিধে জীবনযাপন এবং গত তিন মাসের দৃষ্টিভঙ্গি ধারণ করতে পারলে আগামীতে দেশকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব হবে।
গলাচিপায় বিএনপির আলোচনা সভায় বক্তব্য
শনিবার সকালে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক আরও বলেন, দলের নাম ব্যবহার করে বা ক্ষমতা দেখিয়ে কেউ ঘর দখল, জমি দখল বা চাঁদাবাজি করলে তা তিনি বরদাস্ত করবেন না। সম্প্রতি গলাচিপায় কয়েকজন মোটরসাইকেলে লিফলেট বিতরণ এবং দশমিনায় ভোররাতে মিছিলের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাদের কারণে এলাকায় শান্তি বিরাজ করছে। অন্য এলাকায় অনেকে ঘর-বাড়িতেও থাকতে পারছে না। তিনি স্পষ্ট করে বলেন, এই এলাকায় রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতির পরিবেশ কাম্য। যদি কেউ উৎপাত করে, তবে বিপদ নিজেরাই ডেকে আনবে।
আওয়ামী লীগ প্রসঙ্গে নুরুল হক
তিনি বলেন, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা নেই। বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য ইসলামী দলের মধ্যে মতপার্থক্য ও সমালোচনা থাকলেও আওয়ামী লীগের প্রশ্নে সবাই এক। আওয়ামী লীগ যদি আবার সুযোগ পায়, তাহলে দেশকে নরক বানিয়ে ফেলবে। অন্যান্য দলের সঙ্গেও আলাপে তারা বলে, সরকারের সঙ্গে বিরোধ থাকলেও ফ্যাসিস্টের প্রশ্নে সবাই এক।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ
উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আলতাব খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান প্রমুখ।



