ওয়াকফ: ইসলামি নগরায়ণের স্থায়ী শক্তি ও আধুনিক চ্যালেঞ্জ
ওয়াকফ: ইসলামি নগরায়ণের স্থায়ী শক্তি ও আধুনিক চ্যালেঞ্জ

ইসলামি নগরীর স্থাপত্য শুধু পাথরের স্তূপ নয়; প্রতিটি দেয়াল ও তোরণ যেন ইতিহাসের গল্প বলে। প্রাচীন ইসলামি নগরীগুলোর পেছনে ছিলেন দানশীল ব্যক্তিরা, যাঁরা ওয়াকফের মাধ্যমে স্থায়ী সৎকাজ রেখে গেছেন। মিসরীয় ভূগোলবিদ জামাল হামদান তাঁর 'শাখসিয়্যাতু মিসর' গ্রন্থে বলেছেন, ভূগোলের কাজ অঞ্চলের বাহ্যিক রূপ নয়, বরং তার আত্মা খোঁজা। ইসলামি শহরের সেই আত্মা হলো ওয়াকফ—মানুষের কল্যাণে উৎসর্গ করা সম্পদ।

ওয়াকফ: নগর পরিকল্পনার মূল চালিকা শক্তি

ওয়াকফ মানে মূল সম্পত্তি চিরতরে আটকে রেখে তার লাভ জনকল্যাণে ব্যয় করা, যেমনটি কামিল আবু সাকর তাঁর গ্রন্থে উল্লেখ করেছেন। এটি সাময়িক ত্রাণ নয়, বরং দীর্ঘমেয়াদি নগর উন্নয়নের স্থায়ী অবকাঠামো ছিল। ইসলামি শহরের প্রতিটি মহল্লা সুপরিকল্পিতভাবে গড়ে উঠত, যার কেন্দ্রে থাকত একটি ওয়াকফ কমপ্লেক্স—মাঝখানে জামে মসজিদ, চারপাশে মাদ্রাসা, থাকার জায়গা, পানির ব্যবস্থা ও চিকিৎসালয়।

অর্থনৈতিক স্বনির্ভরতা ছিল এর মূল কৌশল। দাতব্য প্রতিষ্ঠানের পাশে গড়ে তোলা হতো দোকান, বাজার, সরাইখানা ও ভাড়াটে বাড়ি। এসব থেকে আসা আয় দিয়ে চলত মসজিদ-মাদ্রাসা-হাসপাতালের খরচ, শিক্ষক-চিকিৎসকের বেতন ও শিক্ষার্থীদের বৃত্তি। আব্দুল্লাহ হুসাইন আন-নিআমা ইসলাম অনলাইনে লেখা তাঁর নিবন্ধে এ তথ্য তুলে ধরেছেন। ফলে জনকল্যাণ ব্যবস্থা কোনো বাদশাহের দয়ার ওপর নির্ভর না করে স্বনির্ভর ছিল। কায়রোর আল-মুইজ সড়ক বা ইস্তাম্বুলের উসমানীয় কমপ্লেক্স আজও সেই দর্শনের সাক্ষ্য বহন করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সৌন্দর্য ও সামাজিক বন্ধন: ওয়াকফের দ্বৈত ভূমিকা

ওয়াকফনির্ভর নগরগঠন শুধু নকশাই তৈরি করেনি, বরং পুরো সমাজকে এক বন্ধনে জড়িয়েছিল। একটি ওয়াকফ প্রতিষ্ঠানকে ঘিরে পুরো মহল্লা পরিবারের মতো হয়ে উঠত। ধনী সম্পত্তি দান করতেন, আর দরিদ্র, অসহায় ও মুসাফিরেরা বিনা মূল্যে থাকা-খাওয়া-পানি ও শিক্ষা পেতেন। কোরআনের সুরা আলে-ইমরানের ৯২ নম্বর আয়াতে বলা হয়েছে, প্রকৃত পুণ্য পেতে নিজের প্রিয় জিনিস থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই শিক্ষার আলোকে মুসলিম স্থপতি ও দানবীরেরা ওয়াকফ ভবনে সৌন্দর্য ঢেলে দিতেন, যা বিলাসিতা নয়, বরং ইবাদত হিসেবে গণ্য হতো।

ওয়াকফ ছিল টেকসই উন্নয়নের এক আদি রূপ। আজকের অর্থনীতি যে 'টেকসই উন্নয়ন'-এর কথা বলে, ইসলাম শতাব্দীর পর শতাব্দী আগেই ওয়াকফের মাধ্যমে তা বাস্তবায়ন করেছিল। তবে আধুনিক যুগে রাষ্ট্র ওয়াকফ সম্পত্তি রাষ্ট্রীয়করণের মাধ্যমে মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যায়, যা জালাল আমিনের 'আল-আওলামা' গ্রন্থে বিশ্লেষিত হয়েছে। ফলে স্বাধীন ও পারিবারিক ওয়াকফ সংকুচিত হয় এবং শহরগুলো তাদের চিরন্তন অভিভাবক হারিয়ে ফেলে।

আধুনিক চ্যালেঞ্জ ও ডিজিটাল ওয়াকফের সম্ভাবনা

রাবাত থেকে মানামা পর্যন্ত আজকের আরব ও মুসলিম শহরগুলো অনেক জায়গায় নিষ্প্রাণ ইটপাথরের স্তূপে পরিণত হয়েছে। সমাজবিজ্ঞানীরা এ ধরনের জায়গাকে 'স্থানহীন স্থান' বলেন—যেখানে দালান আছে কিন্তু আত্মা নেই। কাতারের দোহার 'সুক ওয়াকিফ' বা মুশাইরিব এলাকার মতো কিছু প্রকল্পে সেই হারানো আত্মা ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে, তবে এগুলোকে জাদুঘর না বানিয়ে আয়কে সমাজকল্যাণে ফিরিয়ে দেওয়ার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি।

একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো: অতীতে জমি বা দালান ওয়াকফ করে বাস্তব নগরী গড়া সম্ভব ছিল, আজকের ভার্চুয়াল দুনিয়ায় ওয়াকফের রূপ কেমন হতে পারে? জ্ঞানভিত্তিক, প্রযুক্তিগত বা ডিজিটাল ওয়াকফ—যেমন মুক্ত শিক্ষামূলক প্ল্যাটফর্ম বা উন্মুক্ত ডেটাবেজ—নতুন জ্ঞানভিত্তিক সভ্যতা গড়ে তুলতে পারে কি? এই প্রশ্নের উত্তর খোঁজা বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।