গাজীপুর সদর উপজেলায় দুই সন্তানকে জিম্মি করে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইউনিয়ন কৃষক লীগের এক নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী (৩৪) বাদী হয়ে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার বিবরণ
গত ২৪ জুন রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ধলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (২৯ জুন) রাতে ভুক্তভোগী জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত কাইয়ুম মীর (৪৬) সদর উপজেলার ধলীপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন মীর বাদলের ছেলে। তিনি ভাওয়ালগড় ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর বক্তব্য
অভিযোগে বলা হয়, ভুক্তভোগীর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় তিনি দুই সন্তানকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করছিলেন। এ সুযোগে একই এলাকার কাইয়ুম মীর গত ৬-৭ মাস ধরে তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন।
গত ২৪ জুন রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্ত কাইয়ুম ভুক্তভোগীর বাড়িতে গিয়ে দাবি করেন, রাজনৈতিক বিভিন্ন মামলায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছে। তাই তিনি ওই রাতে আশ্রয় চান। মানবিক কারণে ভুক্তভোগী তাকে ঘরে থাকতে দেন।
ধর্ষণের ঘটনা
রাত আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত আবারও কুপ্রস্তাব দেন। এতে রাজি না হলে ঘরে থাকা একটি ধারাল বঁটি দিয়ে ভুক্তভোগীর চার মাসের শিশুপুত্রের গলায় ধরে তাকে হত্যা এবং ১৩ বছরের মেয়ের ক্ষতি করার হুমকি দেন। সন্তানদের প্রাণনাশের ভয় দেখিয়ে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্তের বক্তব্য
এ বিষয়ে অভিযুক্ত কাইয়ুম মীরের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশের পদক্ষেপ
জয়দেবপুর থানার ওসি আল মামুন জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



