জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত তুরস্কের জনপ্রিয় মেগা সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ এবার বাংলায় দেখা যাবে বাংলাদেশের দর্শকদের জন্য। নাগরিক টিভি ও ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের যৌথ উদ্যোগে আগামী ২ আগস্ট থেকে সিরিজটি বাংলায় প্রচার শুরু হবে। আজ মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
প্রচার সময়সূচি ও প্ল্যাটফর্ম
ঘোষণা অনুযায়ী, ২ আগস্ট থেকে প্রতি রবি ও বৃহস্পতিবার রাত আটটায় নাগরিক টিভিতে এবং রাত নয়টায় ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গতে প্রচারিত হবে সিরিজটি। এতে দর্শকরা টেলিভিশন ও অনলাইন উভয় মাধ্যমেই সিরিজটি উপভোগ করতে পারবেন।
সিরিজের কাহিনি ও বৈশিষ্ট্য
মূলত ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ নামে নির্মিত এই তুর্কি সিরিজের কাহিনি আবর্তিত হয়েছে জেরুজালেম মুক্ত করার ঐতিহাসিক অভিযানের পটভূমিতে। এতে রাজনৈতিক ও সামরিক সংগ্রাম, ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং সুলতান সালাহউদ্দিন আইয়ুবির বীরত্বগাথা তুলে ধরা হয়েছে। বিশাল সেট, দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি, অ্যাকশন দৃশ্য এবং অভিনয়শিল্পীদের অভিনয়ের মাধ্যমে দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক সময়কে জীবন্ত করে তোলা হয়েছে এই মেগা সিরিজে।
উদ্যোক্তাদের বক্তব্য
সংবাদ সম্মেলনে বঙ্গের হেড অব কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবির মতো একজন বিশ্বনন্দিত বীরের জীবনকাহিনি দর্শকদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, দুর্দান্ত অ্যাকশন, রাজনীতি ও আবেগে ভরপুর এই সিরিজ বাংলাদেশের দর্শকদের দারুণভাবে বিনোদন দেবে।’
নাগরিক টিভির ব্যবস্থাপনা পরিচালক নাভিদুল হক বলেন, ‘নাগরিক টিভি সব সময়ই দর্শকদের মানসম্মত ও রুচিশীল বিনোদন উপহার দিয়ে আসছে। সুলতান সালাহউদ্দিন আইয়ুবির মতো একটি বিশ্বমানের প্রযোজনা বাংলায় সম্প্রচারের মাধ্যমে আমরা সেই ধারা অব্যাহত রাখছি। বঙ্গের সঙ্গে এই অংশীদারত্ব আমাদের বিনোদনজগতকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে আমি বিশ্বাস করি।’
নাগরিক টিভির হেড অব প্রোগ্রাম কামরুজ্জামান বলেন, ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি শুধু একটি বিনোদনমূলক সিরিজ নয়, এটি একটি ঐতিহাসিক দলিল। চমৎকার ডাবিং ও আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে আমরা সিরিজটিকে বাংলার দর্শকদের কাছে এমনভাবে তুলে ধরতে চেয়েছি, যেন তাঁরা সেই ঐতিহাসিক সময়েরই অংশ হয়ে উঠতে পারেন। আমরা আশা করছি, সিরিজটি নাগরিক টিভির পর্দায় নতুন একটি মাইলফলক তৈরি করবে।’



