নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসার মৃত্যুশোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তার মা। প্রিয় সন্তানের অকাল ও নির্মম বিদায়ের পর থেকেই তিনি গভীর মানসিক আঘাতে ভুগছেন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান শারীরিক জটিলতা—বুকে ব্যথা, নিউরোলজিক্যাল (ভার্টিগো) ও পরিপাকতন্ত্রজনিত সমস্যায় তার জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে।
মানবিক উদ্যোগে এগিয়ে এলেন ডা. রফিক
এই অসহায় অবস্থায় রামিসার বাবা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের শরণাপন্ন হন। বিষয়টি জানার পর দ্রুত মানবিক উদ্যোগ নেন তিনি। মঙ্গলবার (২৩ জুন) সকালে তাকে রাজধানীর একটি বিশেষায়িত মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে ভর্তি করা হয়।
গঠন করা হবে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড
চিকিৎসার জন্য গঠন করা হবে একটি সমন্বিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড। যেখানে মানসিক রোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, নিউরোলজি বিশেষজ্ঞ এবং পরিপাকতন্ত্র বিশেষজ্ঞরা থাকবেন বলে জানান অধ্যাপক ডা. রফিক। তিনি আরও জানান, মেডিকেল বোর্ডের পরামর্শেই তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হবে।
শারীরিক উপসর্গ জটিল আকার ধারণ করেছে
ডা. রফিকুল ইসলাম জানান, সন্তানের মৃত্যু-পরবর্তী গভীর শোক ও মানসিক আঘাতের কারণে তার শারীরিক উপসর্গগুলো আরও জটিল আকার ধারণ করেছে। ইতোমধ্যে মানসিক রোগ বিশেষজ্ঞ ও সাইকোলজিস্টের তত্ত্বাবধানে তার কাউন্সেলিং ও চিকিৎসা শুরু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও, বিস্তারিত পরীক্ষার পরই পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। পরিবার ও সংশ্লিষ্টরা আশা করছেন, এই সমন্বিত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে ধীরে ধীরে তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থতার পথে ফিরতে পারবেন।



