প্রধানমন্ত্রী তারেক রহমানের সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছে বরিশাল নগরী। দিনভর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে হয়েছে একের পর এক আনন্দ মিছিল। এতে মিছিলের নগরীতে পরিণত হয় বরিশাল।
সকালে মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে মিছিল
রোববার (১২ জুলাই) সকালে বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে নগরীতে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সদস্য এবায়দুল হক চানসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
বিকেলে আবু নাসের রহমাতুল্লাহর নেতৃত্বে আরেক মিছিল
বিকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহর নেতৃত্বে আরেকটি আনন্দ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানের নেতৃত্বে নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয় থেকে আরেকটি আনন্দ মিছিল বের হয়।
আইনজীবী ফোরামের মিছিল
এছাড়া বরিশাল জেলা আইনজীবী ফোরামের নেতাকর্মীরাও আদালত চত্বর থেকে আনন্দ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলগুলোতে অংশ নেওয়া নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এছাড়া মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিনের নেতৃত্বেও নগরীতে আনন্দ মিছিল হয়।
স্থানীয় নেতার বক্তব্য
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বরিশাল সফরে আসছেন তারেক রহমান। তার এ সফর দক্ষিণাঞ্চলের উন্নয়নকে আরও বেগবান করবে এবং বরিশালের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নতুন দিগন্তের সূচনা করবে।



