ময়মনসিংহের ফুলপুর, তারাকান্দা, গৌরীপুর ও ভালুকা উপজেলায় অন্তত ৮টি স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যক্রম পরিচালিত হয়েছে। রোববার ও সোমবার সকালে এসব কর্মসূচির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
কোথায় কী হয়েছে
খোঁজ নিয়ে জানা যায়, সদর, ফুলপুর ও তারাকান্দা উপজেলায় দুটি করে এবং গৌরীপুর ও ভালুকা উপজেলায় একটি করে স্থানে এসব কর্মসূচি পালন করা হয়। আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য ও আত্মগোপনে থাকা শরীফ আহমেদ এবং জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিও প্রকাশ করেন।
ভালুকায় যুবলীগের শপথ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে ভালুকায় যুবলীগের উদ্যোগে শেখ হাসিনাকে ফেরাতে ও কর্মসূচি বাস্তবায়নে শপথ পাঠের একটি ভিডিও ফেসবুকে ছড়ায়। ‘যুবলীগ’ নামের একটি পেজ থেকে বিকেল ৫টায় ৪৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে লেখা ছিল, ‘ভালুকা উপজেলা যুবলীগের শপথ। আয়োজনে, শাহরিয়ার হক (সজিব), সংগঠক, ভালুকা উপজেলা যুবলীগ ও সাবেক সাধারণ সম্পাদক, ভালুকা উপজেলা ছাত্রলীগ।’ ভিডিওতে একটি জাতীয় পতাকা মাঝখানে রেখে চারপাশ ঘিরে মুখে মাস্ক পরা একদল লোককে সামনে হাত তুলে শপথ পড়তে দেখা যায়।
তারাকান্দায় ছাত্রলীগের ঝটিকা মিছিল
তারাকান্দায় রোববার সকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উদ্যোগে ঝটিকা মিছিল হয়। ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা এলাকায় এ মিছিলে নেতৃত্ব দেন তারাকান্দা উপজেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরী (মীম)। ১ মিনিট ৩৬ সেকেন্ডের ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ ও আত্মগোপনে থাকা ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিনের ফেসবুক থেকে রোববার বিকেলে প্রকাশ করা হয়।
শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবি
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তনের লক্ষ্যে ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহ মহানগর ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী পরাগের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। এ ছাড়া গৌরীপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টারিংয়ের ভিডিও ফেসবুকে দিয়েছেন আল আমিন।
শরীফ আহমেদের ভিডিও
সোমবার দুপুর ১২টার পর তিনটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন ময়মনসিংহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদ। ময়মনসিংহ সদর, ফুলপুর ও তারাকান্দা উপজেলার পৃথক তিনটি কর্মসূচির ভিডিও প্রকাশ করে তিনি লেখেন, ‘আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল।’
এক নেতা গ্রেপ্তার
এদিকে ফুলপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ফুলপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তোফাজ্জল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত আড়াইটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২৪ সালের আগস্টের একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘আমাদের নজরে আসার পর কার্যক্রম নিষিদ্ধ দলটির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারা যেন কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না করতে পারে, সে জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি।’



