সমাজকল্যাণমন্ত্রী: বিএনপি শহীদ জিয়ার আদর্শের রাজনৈতিক দল
সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি শহীদ জিয়ার আদর্শের একটি রাজনৈতিক দল, যারা গণতন্ত্রে বিশ্বাস করে এবং জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী। তিনি আরও উল্লেখ করেন যে, বেগম খালেদা জিয়া সব সময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়ার জন্য নির্যাতিতও হয়েছেন।
সরকারের সহযোগিতা ও আগামী প্রজন্মের বাংলাদেশ
মন্ত্রী জোর দিয়ে বলেন, "বর্তমান সরকারকে যদি আমরা সবাই মিলে সহযোগিতা করি, তাহলে আমরা আগামী প্রজন্মের জন্য এই বাংলাদেশকে বসবাসযোগ্য করে গড়ে তুলতে পারব।" তিনি বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে দিনাজপুরের হিলিতে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গরিব অসহায় পরিবারের মাঝে খাদ্যশস্য, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান
তিনি আরও বলেন, সবাইকে যেকোনো অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকতে হবে এবং প্রশাসনকে জানাতে হবে। কারণ অনেকেই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য চেষ্টা করবে। সেজন্য বিএনপির নেতা-কর্মীদেরও সোচ্চার থাকতে হবে বলে জানান মন্ত্রী।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও উপস্থিত ব্যক্তিবর্গ
এর আগে মন্ত্রী দিনাজপুরের হাকিমপুর উপজেলার ২নং বোয়ালদাড় ইউনিয়নে ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রামে বাড়ি-ঘর পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক কুমার চাকমা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সহ-সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, হাকিমপুর থানার ওসি জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানাসহ অনেকেই।



