পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। রাজ্যের প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে এক অনন্য নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের আগে তিনি দলের ৯৮ বছর বয়সী প্রবীণ জননেতা মাখনলাল সরকারকে সংবর্ধনা জানান এবং তাঁর আশীর্বাদ গ্রহণ করেন।
কে এই মাখনলাল সরকার?
মাখনলাল সরকার পশ্চিমবঙ্গে বিজেপির প্রাথমিক পর্যায়ের অন্যতম তৃণমূল স্তরের সংগঠক হিসেবে পরিচিত। দেশভাগের পরবর্তী সময় থেকেই তিনি জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত। ১৯৫২ সালে কাশ্মীরে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলনের আন্দোলনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গী হয়ে তিনি গ্রেফতার হয়েছিলেন।
১৯৮০ সালে বিজেপি গঠিত হওয়ার পর মাখনলাল সরকার পশ্চিম দিনাজপুর, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার সাংগঠনিক সমন্বয়কের দায়িত্ব পান। মাত্র এক বছরের মধ্যে তিনি উত্তরবঙ্গে প্রায় ১০ হাজার সদস্য সংগ্রহ করে দলের সাংগঠনিক ভিত মজবুত করেন। ১৯৮১ সাল থেকে টানা সাত বছর তিনি জেলা সভাপতির দায়িত্ব পালন করেন। সে সময় বিজেপির সাংগঠনিক নিয়মে সাধারণত কোনও নেতা একই পদে দুই বছরের বেশি থাকতেন না, যা তার নেতৃত্বের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত।
শনিবারের এই জমকালো অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে এই বর্ষীয়ান নেতাকে প্রধানমন্ত্রীর সম্মান প্রদর্শন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। মূলত এই সম্মানের মাধ্যমেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার যাত্রা শুরু হয়।
সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস



