ময়মনসিংহে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের মাতা মরহুমা বেগম জেবুন্নেছার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা নগরীর বাঘমারা শাহী জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিতি
এ সময় মরহুমা বেগম জেবুন্নেছার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। দোয়া মাহফিলে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানাসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মহিলাদের জন্য পৃথক দোয়া মাহফিল
এছাড়াও নগরীর ব্রাহ্মপল্লীতে মন্ত্রীর নিজ বাসভবনে মহিলাদের জন্য পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে নেতাকর্মী ও স্থানীয় মহিলারা অংশ নেন।
উল্লেখ্য, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমান সরকারের সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মাতার মৃত্যুতে শোক প্রকাশ করে বিভিন্ন মহল থেকে শোক বার্তা পাঠানো হয়েছে।



