জাতিকে বিভক্ত করতে অপশক্তি তৎপর: জামায়াত নেতা
জাতিকে বিভক্ত করতে অপশক্তি তৎপর: জামায়াত নেতা

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘দেশের মানুষকে বিভক্ত করার জন্য রাজনীতিতে অপশক্তি তৎপর আছে। তাদেরই অপতৎপরতার ফল হিসেবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধনী) বিল-২০২৬ এভাবে রাখা হয়েছে।’

শুক্রবার কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বক্তব্যে গোলাম পরওয়ার আরও বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পরে পুরনো কোনও বিষয়কে নিয়ে কেউ যদি জাতিকে বিভক্ত করে, সে জাতি কোনোদিন এগিয়ে যেতে পারে না। বর্তমানে যারা পার্লামেন্টে এমপি হয়েছেন তাদের অধিকাংশই তরুণ। যারা এই মাতৃভূমিতেই স্বাধীনতার পরে জন্ম নিয়েছেন। তাদের স্বাধীনতাবিরোধী, আল বদর, রাজাকার বললে জনগণ হাসে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এর আগে মঞ্চে বক্তব্যে তিনি বলেন, ‘কমিউনিজমের থিউরি ছিল; তারা মুখে শ্রমিকদের কথা বলতো, কার্যত শ্রমিকদের অধিকার তারা প্রতিষ্ঠা করতো না। রাষ্ট্রে যদি পশ্চিমা গণতন্ত্র থাকে, সমাজতান্ত্রিক মগজ থাকে, জাতীয়তাবাদী মগজ থাকে, সেই রাষ্ট্রে আলাদা ইসলামী শ্রমনীতি কখনও কায়েম করতে দেবে না ওরা। তাই রাষ্ট্রে ইসলামী শাসন কায়েম করলেই ইসলামী শ্রমনীতি কায়েম হবে।’

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরী সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় উপদেষ্টা এটিএম মাসুম, কুমিল্লা মহানগরী প্রধান উপদেষ্টা কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা ইয়াছিন আরাফাত, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মু. মজিবুর রহমান ভুঁইয়া।

কুমিল্লা মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান ও সহকারী সেক্রেটারি মু. মাইন উদ্দিন সরকারের পরিচালনায় এ সময় বক্তব্য আরও দেন মহানগরী শ্রমিক নেতা মু. শফিউল্লাহসহ আরও অনেকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রসঙ্গত, পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অধ্যাদেশকে সংশোধন করে আইনে রূপ দিতে বিল পাস হয়েছে জাতীয় সংসদে। এতে জামায়াতের পক্ষ থেকে আপত্তি জানিয়ে দলটির আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দেন। তবে তাদের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে এই বিলের ওপর কোনও আপত্তি নেই বলে স্পিকারকে লিখিতভাবে জানানো হয়।