সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য ও মরমি কবি হাসন রাজার প্রপৌত্র দেওয়ান শামসুল আবেদীন (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শহরের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।
পরিবার ও রাজনৈতিক জীবন
স্ত্রী, এক ছেলে, মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন এই রাজনীতিবিদ। জেলা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান শামসুল আবেদীন ১৯৭৯ সালের নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে দলটির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি সুনামগঞ্জ-৪ আসনে ১৯৯১ সালে বিএনপি এবং ২০০১ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে অংশ নিলেও জয়ী হতে পারেননি।
জানাজা ও দাফন
আজ সোমবার বেলা দুইটার দিকে পৌর শহরের তেঘরিয়া জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তেঘরিয়া এলাকার গাজীর দরগা কবরস্থানে হাসন রাজার কবরের পাশে তাঁর দাফন সম্পন্ন হয়।



