দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে জরুরি সাংগঠনিক সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভার সময় ও স্থান
জরুরি এই সভায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতারা অংশ নেবেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় সভাটি অনুষ্ঠিত হবে।
যেসব প্রতিষ্ঠানের নেতাদের আমন্ত্রণ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতাদের সভায় উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। এছাড়া সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের নেতারাও আমন্ত্রিত।
রাজধানীর বিভিন্ন কলেজ যেমন ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, তেজগাঁও কলেজ, কবি নজরুল সরকারি কলেজের নেতাদেরও সভায় অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার অধীন ইউনিটের নেতারাও সভায় উপস্থিত থাকবেন।
প্রধান ও বিশেষ অতিথি
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাধারণ সম্পাদক নাহিদ উদ্দিন নাহিদ। কেন্দ্রীয় নেতারা সংশ্লিষ্ট ইউনিটের নেতাদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন।



