জাতীয় সংসদে উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
মাহফুজ আলমের প্রতিক্রিয়া
সোমবার (৮ জুন) রাতে দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে নিজের উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেন। স্ট্যাটাসে মাহফুজ আলম লিখেছেন, ‘এটাই। এখানে Truth, Justice and Reconciliation হবে না। ৭১ এর যুদ্ধাপরাধের সহযোগী ও ২৪ এর মানবতাবিরোধী অপরাধী উভয়ের জন্যই শোক প্রস্তাব হবে।’
তিনি আরও লেখেন, ‘কোন বিচার না, ফ্যাক্টস ফাইন্ডিং না, ক্ষমাপ্রার্থনা না। এটাই হয়ত সিন্থেসিস! আমরাই বুঝি নাই এতদিন।’ অন্তর্বর্তী সরকারের সাবেক এ উপদেষ্টা আরও লিখেছেন, ‘সবাই দেখসি মোনাজাত ধরছে। অভ্যুত্থানের নেতারাও। পরিবেশ সুন্দর। কোথাও কোলাহল নেই!’
মাহফুজ আলমের এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তার বক্তব্যে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, বর্তমান সংসদে শোক প্রস্তাবের মাধ্যমে ইতিহাসের ন্যায়বিচার ও পুনর্মিলনের প্রক্রিয়া উপেক্ষা করা হচ্ছে। তিনি মনে করেন, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য শোক প্রস্তাব করা সঠিক নয়।
আওয়ামী লীগের অবস্থান
আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে দলটি গভীর শোক প্রকাশ করেছে। তবে মাহফুজ আলমের মন্তব্য দলটির সমালোচকদের মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।



