বিশ্বকাপ ঘিরে প্রস্তুতির সময়ের সঙ্গে দৌড়াচ্ছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ডান পায়ের কাফ ইনজুরি থেকে দ্রুত সেরে উঠতে তিনি নাসার প্রযুক্তি থেকে অনুপ্রাণিত বিশেষ এক অ্যান্টি-গ্র্যাভিটি ট্রেডমিলে অনুশীলন করছেন।
ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো এসপোর্তে জানিয়েছে, এই যন্ত্রটি শরীরের আংশিক ওজন কমিয়ে দেয়, ফলে দৌড়ানোর সময় ইনজুরিগ্রস্ত অংশে চাপ অনেক কম পড়ে। এতে খেলোয়াড়রা তুলনামূলক নিরাপদভাবে পুনর্বাসন প্রক্রিয়া চালাতে পারেন। শনিবার ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ওই বিশেষ ট্রেডমিলে অনুশীলন করেন।
প্রযুক্তির ব্যবহার ও পুনর্বাসন
এই ধরনের প্রযুক্তি গত এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন ক্রীড়াবিদদের পুনর্বাসনে ব্যবহৃত হচ্ছে এবং এখন ব্রাজিলের কিছু ক্লাবও তাদের মেডিকেল ব্যবস্থায় এটি যুক্ত করেছে। নেইমারের শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানতে আজ সোমবার নতুন করে ইমেজিং পরীক্ষা করা হবে। ওই রিপোর্টের ওপর ভিত্তি করে তার পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা নির্ধারণ করা হবে।
মেডিকেল টিম অনুমতি দিলে তিনি ধীরে ধীরে দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন এবং পরে বল নিয়ে কাজ শুরু করবেন—যা নির্ভর করবে তার উন্নতির গতির ওপর।
বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে শঙ্কা
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমারকে নিয়ে তারা আশাবাদী হলেও বিশ্বকাপের প্রথম ম্যাচে তার অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এখন পুরো ফুটবল বিশ্বের নজর নেইমারের ফিটনেস রিপোর্টের দিকে, যা নির্ধারণ করবে তার বিশ্বকাপ ভবিষ্যৎ।



