প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের শপথ নিতে হবে। কারণ তার রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো ও দেশ গঠন করা। তাই আমাদেরকেও আজও তাকে অনুসরণ করে এগিয়ে চলতে হবে।
বিএনপি প্রতিষ্ঠাতার ৪৫তম মৃত্যুবার্ষিকী
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০) রাজধানীর বিভিন্ন স্পটে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদসহ কেন্দ্রীয় নেতারা।
প্রধানমন্ত্রীর বক্তব্য
প্রধানমন্ত্রী বলেন, ''শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে প্রতিবারের ন্যায় এবারও চেষ্টা করছি দুস্থ মানুষকে বিভিন্নভাবে সাহায্য বা সহযোগিতা করে দিনটিকে স্মরণীয় রাখতে। যেহেতু আল্লাহ আমাদের দেশ পরিচালনার সুযোগ দিয়েছেন, তাই শুধু সরকার না, দলের প্রত্যেকটি নেতাকর্মী যেখানে যে অবস্থায় থাকুন না কেন, সেখান থেকেই যদি কাউকে সহযোগিতা করেন তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।''
শ্রদ্ধা নিবেদন
এর আগে বেলা সোয়া ১১টার দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে তার নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা এবং সর্বস্তরের নেতাকর্মীরা সেখানে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।



