দুর্গাপুরে আ.লীগের মিছিল, ৭৫ জনের বিরুদ্ধে মামলা, কারাগারে ৩
দুর্গাপুরে আ.লীগের মিছিলে মামলা, কারাগারে ৩

রাজশাহীর দুর্গাপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ। এর মধ্যে তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে দলটির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা মিছিল বের করলে এই মামলা হয়।

মিছিল ও মামলার বিবরণ

মঙ্গলবার সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলার জয়নগর ইউনিয়নের ফলিয়ার বিল গ্রাম থেকে শহরমুখী সড়ক ধরে ব্যানারসহ একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রায় এক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে সড়কের ওপর সমাবেশের মাধ্যমে শেষ হয়। এই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মঙ্গলবার দুপুরে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ ৭৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন শিমুল, মাসুদ রানা ও আতিকুর রহমান খোকন। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার জানান, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। তাদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে জননিরাপত্তা বিঘ্ন ঘটানো ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছেন। এই অভিযোগে সন্ত্রাস দমন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেফতার করে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

আসামিদের তালিকা

পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ, দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাজেদুর রহমান মিঠুনসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের ১৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৬০ জন অজ্ঞাত আসামি হিসেবে রয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ