চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় বৃষ্টির পানি চলাচল নিয়ে সংঘর্ষে মোহাম্মদ ওবায়দুল্লাহ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (১২ জুলাই) বিকেলে রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের নাপিতপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওবায়দুল্লাহ ওই এলাকার বাসিন্দা ছিলেন।
ঘটনার বিবরণ
নিহতের বড়ভাই শহিদুল্লাহ জানান, বৃষ্টির পানি চলাচল নিয়ে চাচা বুদরুচ মিয়ার সঙ্গে তাদের পরিবারের ঝগড়া হয়। অভিযোগ, চাচা তাদের সেফটি ট্যাংক খুলে দিলে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াতে থাকে। এতে আপত্তি করায় চাচা বুদরুচ মিয়া, চাচাতো ভাই ইমরান, কুদ্দুস, ইকবালসহ ৪/৫ জন মিলে ওবায়দুল্লাহকে গাছের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করে।
চিকিৎসা ও মৃত্যু
মারধরে গুরুতর আহত ওবায়দুল্লাহকে প্রথমে স্থানীয় শারজাহ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বিকেল ৫টার দিকে তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, "ঘটনা শুনেছি। বৃষ্টির পানি চলাচল নিয়ে বাগবিতণ্ডার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। লিখিত অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"



