রাজধানীর ওয়ারীতে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের আরও তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে কিশোরগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. রুবেল (৩৮), মোবারক হোসেন ওরফে শাওন (৩০) ও আব্দুল্লাহ আল হাসান ওরফে সাকিব ওরফে অজয় (২৮)।
ঘটনার বিবরণ
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিন বলেন, গত ২৭ মে রাতে ওয়ারীর নবাবপুর রোডের রথখোলা মোড়ে স্বর্ণ ব্যবসায়ী হরিপদ পাল ও তার প্রতিষ্ঠানের ম্যানেজার ৫৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ ৪৭ হাজার টাকা নিয়ে বাসায় ফেরার পথে সংঘবদ্ধ একটি চক্র তাদের গতিরোধ করে। ডিবি পুলিশের পরিচয় দিয়ে ভুক্তভোগীদের কাছে অবৈধ মাদকদ্রব্য রয়েছে বলে ভয়ভীতি প্রদর্শন করে তাদের একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। পরে চোখ-মুখ বেঁধে প্রাণনাশের হুমকি দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে কমলাপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ওয়ারী থানায় একটি মামলা করা হয়।
তদন্ত ও গ্রেফতার
মামলার তদন্তকালে ওয়ারী থানা-পুলিশের একটি টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৬ জুন ইত্তেফাক মোড় এলাকায় আবারও ডাকাতির প্রস্তুতিকালে চক্রটির ছয় সদস্যকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ডিবি পুলিশের কটি, খেলনা পিস্তল, ওয়াকি-টকি সেট, হ্যান্ডকাফ, লাঠি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর ও তাঁতীবাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় জড়িত আরও তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৭ ভরি গলানো স্বর্ণ, স্বর্ণ বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকা, ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল এবং মাইক্রোবাস উদ্ধার করা হয়।
সর্বশেষ গ্রেফতার
এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ওয়ারী থানা পুলিশের একটি টিম কিশোরগঞ্জের তাড়াইল থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত রুবেল, মোবারক ও সাকিবকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।



