বিএনপির সংসদ সদস্য মুশফিকুর রহমান ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে সভাপতি করে আরও দুটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মুশফিকুর রহমানকে এবং আইন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আন্দালিভ রহমান পার্থকে।
কমিটি গঠনের প্রক্রিয়া
আজ রোববার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতিক্রমে তাঁর পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম পৃথকভাবে কমিটি দুটি গঠনের প্রস্তাব করেন। পরে প্রস্তাব দুটি কণ্ঠভোটে পাস হয়। দুটি কমিটিতেই সদস্য হিসেবে বিরোধী দল জামায়াতে ইসলামীর দুজন এবং এনসিপির একজন করে সংসদ সদস্য আছেন। অন্য সদস্যরা ক্ষমতাসীন দল বিএনপির।
পূর্বের কমিটি গঠন
এর আগে ১০ জুন পরিকল্পনা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছিল। এ নিয়ে চলতি সংসদে তিনটি মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হলো।
অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্যবৃন্দ
অর্থ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানকে। এই কমিটির সদস্যরা হলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মো. নূরুল ইসলাম (বরগুনা-২), মীর শাহে আলম (বগুড়া-২), মো. জালাল উদ্দিন (চাঁদপুর-২), মঈনুল ইসলাম খান (মানিকগঞ্জ-২), মো. শাহাদাত হোসেন (লক্ষ্মীপুর-১), জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. সাইফুল আলম খান (ঢাকা-১২), সৈয়দ জয়নুল আবদীন (ঢাকা-৪) এবং কুমিল্লা-৪ আসনে এনসিপির সংসদ সদস্য মো. আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)।
আইন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্যবৃন্দ
আইন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থকে। এই কমিটির সদস্যরা হলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিএনপির সংসদ সদস্য মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), সংরক্ষিত নারী আসনের সদস্য শাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মো. হাসান রাজীব প্রধান (লালমনিরহাট-১), জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১) ও আল ফারুক আবদুল লতিফ (নীলফামারী-২) এবং এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন (রংপুর-৪)।



