গাজীপুরের কালীগঞ্জে ১০ বছরের এক শিশু শিক্ষার্থীকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযুক্ত প্রতিবেশী চাচাতো ভাই হানিফ দেওয়ান হানিফা (৪০) ঘটনা জানাজানি হলে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। শিশুটির পিতা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেছেন।
ঘটনার বিবরণ
নির্যাতনের শিকার শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার মা সেলাই (দর্জি) কাজ করেন। কিছুদিন আগে হানিফার স্ত্রী নাজনীন আক্তারের কিছু জামাকাপড় সেলাই করে শিশুটিকে দিয়ে হানিফার বাড়িতে পাঠান। বাড়িতে কেউ না থাকার সুযোগে হানিফা শিশুটিকে তার শয়নকক্ষে নিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য পুনরায় হত্যার হুমকি ও হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে তাকে ঘর থেকে বের করে দেয়।
দ্বিতীয় ধর্ষণ ও চিকিৎসা
চার দিন আগে একই কায়দায় হানিফা শিশুটিকে পুনরায় ধর্ষণ করে। দিন দিন মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে ৬ জুলাই রাতে জিজ্ঞাসাবাদে শিশুটি তার মায়ের কাছে ধর্ষণের কথা বলে দেয়। ৭ জুলাই সকালে শিশুটিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামলা ও পুলিশি ব্যবস্থা
কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন জানান, শিশু ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।



